কুষ্টিয়া ও যশোরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
দুপুরে প্রতিদিনের মতো মিরপুরের আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে নামে স্থানীয় তরুণরা।
কুষ্টিয়া ও যশোরে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার মিরপুরে ও যশোরের চৌগাছায় এসব ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন মিরপুর উপজেলার নওদাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (৩৫), আমলা ইউনিয়নের মোহদীপুরের শাকিল আহম্মেদ (২০) এবং চৌগাছার স্বরুপদাহ ইউনিয়নের গয়ড়া গ্রামের পল্লি চিকিৎসক আমিনুর রহমান (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরে প্রতিদিনের মতো মিরপুরের আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে নামে স্থানীয় তরুণরা। হঠাৎ বৃষ্টি নামে এবং বজ্রপাত হয়। এতে শাকিল, তরিকুল ছাড়াও নাইম হোসেন নামে এক কিশোর আহত হয়।
দ্রুত তাদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তরিকুল ও শাকিলকে মৃত ঘোষণা করেন।
আহত কিশোর নাইম মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলে জানিয়েছেন মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জুবাইয়া ফারজানা।
এদিকে, যশোরের চৌগাছার গয়ড়া গ্রামের পল্লি চিকিৎসক আমিনুর রহমান দুপুরে মোটরসাইকেলে পাশের গ্রাম দিঘড়িতে গরুর চিকিৎসা দিতে যাচ্ছিলেন। ওই গ্রামের রোস্তম আলীর শ্যালোঘরের কাছে পৌঁছলে বজ্রপাত হয়।
এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ।
