২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় ব্যবসায়ী খুন: ২ জনের আমৃত্যু কারাদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

২০১১ সালের ২১ এপ্রিল রাতে ফতুল্লার শেহারচর এলাকার বাসা থেকে ব্যবসায়ী কবির হোসেনকে ডেকে নেয় আসামিরা ৷

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2024, 10:57 AM

Updated : 30 Jan 2024, 10:57 AM

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ব্যবসায়ীকে হত্যার দায়ে দুজনের আমৃত্যু এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত৷

সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা ছয় আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ফতুল্লায় শেহারচর এলাকার সালেহা বেগম (৬২) এবং কোতালেরবাগ এলাকার মনির হোসেন (৩৭)।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- কোতালেরবাগ এলাকার কাজল মিয়া (৩৪), মো. জুয়েল (৩২), নুরুল ইসলাম (৩৬), মাজেদুল ইসলাম (৩৭) ও লিটন মিয়া (৪২)।

সালেহা বেগম পলাতক রয়েছেন৷ তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে আদালত৷

মামলার বরাতে আদালত পুলিশ জানায়, ২০১১ সালের ২১ এপ্রিল রাতে ফতুল্লার শেহারচর এলাকার বাসা থেকে ব্যবসায়ী কবির হোসেনকে ডেকে নেয় আসামিরা৷ পরদিন তার গলা ও পেট কাটা লাশ মিলে পাশের একটি ডোবায়৷

ওইদিন নিহতের স্ত্রী হত্যা মামলা করেন৷ ওই বছরের ৬ নভেম্বর পুলিশ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এতে বলা হয়, পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে কবির হোসেনকে হত্যা করা হয়।

পরিদর্শক আসাদুজ্জামান আরও বলেন, রায়ে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]