২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের সকালে গরুর গুঁতায় আহত, পরে মৃত্যু

পাশের এলাকা থেকে গরু নিয়ে ফেরার পথে একবার এবং বাড়িতে এলে আবার গরুটি তাকে গুঁতা দেয়; এতে অসুস্থ হয়ে কিছুক্ষণ পর তিনি মারা যান।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2023, 08:50 PM

Updated : 29 Jun 2023, 08:50 PM

কুমিল্লার দেবিদ্বারে ঈদের দিন গরুর গুঁতায় আহত হওয়ার পর এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার মুগসাইর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মনু মিয়া (৫০) ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন।

তবে মনু আগে থেকে শারীরিককভাবে অসুস্থ ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনার প্রতক্ষ্যদর্শী নিহতের চাচাতো ভাই হানিফ মিয়া বলেন, “কিছুদিন আগে কোরবানির গরু কিনে পাশের এলাকার একটি বাড়িতে রেখেছিলেন। ঈদের দিন সকালে জেঠাতো ভাই মনু মিয়াকে সঙ্গে নিয়ে গরুটি আনতে যান।

“ফেরার পথে গরুটি উত্তেজিত হয়ে তাকে গুঁতা দিলে তিনি মাটিতে পড়ে যান। পরে বাড়িতে এলে গরুটি আবার তাকে গুঁতা দেয়। এতে অসুস্থ হয়ে পড়েন তিনি। অসুস্থতা নিয়েই তিনি আবার পুকুরে গরুটিকে গোসল করান। তারপর বাড়িতে ফিরে মারা যান।”

মনুর প্রতিবেশীরা জানান, মনু মিয়া শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। কোরবানির উদ্দেশ্যে ৭১ হাজার টাকা দিয়ে গরুটি কেনেন তারা। সকালে আনতে গিয়ে গরুর গুঁতা খেয়ে আহত হন; পরে মারা যান তিনি।

দেবিদ্বার থানার ওসি কমলকৃষ্ণ ধর সাংবাদিকদের বলেন, “আমি ঘটনাটি শুনেছি। খোঁজ নিয়ে পরবর্তীতে ঘটনার বিস্তারিত বলতে পারব।”