স্ত্রীকে হত্যার ১৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
২০১২ সালের ২৭ মার্চ আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুৃলিশ।
চাঁদপুরের হাজীগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী আসামির উপস্থিতিতে ১৩ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যৃদণ্ডপ্রাপ্ত শাহজাহান প্রধান (৪৩) ভাটারা এলাকার আবদুস সাত্তারের ছেলে।
মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইয়েদুল ইসলাম বাবু জানান।
মামলার বিবরণে বলা হয়, উপজেলার ভাটারা এলাকায় ২০০৯ সালের ৭ জুন স্ত্রী ফারহানা বেগম পান্নাকে হত্যা করেন শাহজাহান।
এ ঘটনায় পান্নার ভাই ফারুক আহমদ পাটওয়ারী বাদী হয়ে একই বছরের ১০ ডিসেম্বর চাঁদপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন।
তদন্ত শেষে পুলিশ ২০১২ সালের ২৭ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
