ঠাকুরগাঁওয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, ২ আরোহী নিহত
ঠাকুরগাঁও সদরের ফাঁড়াবাড়ি এলাকায় শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে; মোটরসাইকেলে ৩ জন ছিলেন।
ঠাকুরগাঁও সদর উপজেলায় গাছে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন; আহত হয়েছেন একজন।
ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. কামাল হোসেন বলেন, শনিবার রাত ৮টার দিকে আকচা ইউনিয়নের ফাঁড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মিন্টু (৩৫) ও আকচা ইউনিয়নের ফাঁড়াবাড়ী গ্রামের আফাজ উদ্দীনের ছেলে হাসান (৩০)।
তারা দুজনই ব্যাটারিচালিত অটোরিকশা চালক। এ ছাড়া মাঝেমধ্যে তারা কাঁচা সবজির ব্যবসাও করতেন।
আহত একই গ্রামের ফিরোজ হাসান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে ফাঁড়াবাড়ি বাজার থেকে একটি মোটরসাইকেলে করে মিন্টু, হাসান ও ফিরোজ ঠাকুরগাঁও শহরে আসছিলেন। কিছুদূর আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে এবং তিনজনই গুরুতর আহত হয়।
স্থানীয় বাসিন্দা জয়লাল সেন বলেন, মোটরসাইকেলটিতে তিনজন ছিলেন। তারা দ্রুতগতিতে যাচ্ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশের গাছে ধাক্কা লাগে।
পরে ফায়ার সার্ভিস মিন্টু, হাসান ও ফিরোজকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসক মিন্টু ও হাসানকে মৃত ঘোষণা করেন এবং ফিরোজকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নুরুজ্জামান বলেন, হাসপাতালে আনার আগেই মিন্টু ও হাসানের মৃত্যু হয়েছে। তাদের সাথে থাকা ফিরোজও আহত হয়েছেন; তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
