১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রাকে ২৪৫ বস্তা ধান নিয়ে ফিরছিলেন ২৪ শ্রমিক, উল্টে গিয়ে নিহত ২

ট্রাকে ধানের বস্তা রেখে তার ওপর নিজেদের কোমরে নেট দিয়ে বেধে সাতক্ষীরা ফিরছিলেন এই শ্রমিকরা।

ট্রাকে ২৪৫ বস্তা ধান নিয়ে ফিরছিলেন ২৪ শ্রমিক, উল্টে গিয়ে নিহত ২

আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2023, 10:34 AM

Updated : 16 May 2023, 01:36 PM

সাতক্ষীরায় ধানবোঝাই ট্রাক উল্টে দুই কৃষি শ্রমিক নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন নারীসহ ২২ জন।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা মহিলা কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে জানান থানার ওসি মাহমুদুর রহমান।

নিহতরা হলেন, সুমন হোসেন (৩৫) ও আবুল হোসেন (৪৬)। সুমন হোসেন শ্যামনগর উপজেলার কাশিমারী ইউনিয়নের মন্টু গাজীর ছেলে এবং আবুল একই উপজেলার জয়নগর গ্রামের মৃত ওমর আলীর ছেলে।

Image

নিহতের স্বজনের আহাজারি।

ওসি মাহমুদুর রহমান জানান, হতাহতরা সবাই দিনমজুরের কাজ করতেন। তারা কৃষি শ্রমিক হিসেবে শরীয়তপুরে ধান কেটে পাওয়া ২৪৫ বস্তা ধানসহ সাতক্ষীরা ফিরছিলেন। 

একটি ট্রাকে ধানের বস্তা রেখে তার ওপর ২৪ জন শ্রমিক কোমরে নেট দিয়ে নিজেদের বেঁধে রেখেছিলেন। পথে কুমিরা এলাকায় পৌছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে যায়। এ সময় শ্রমিকরা ঘুমন্ত ছিলেন।

“এতে ঘটনাস্থলেই মারা যান সুমন হোসেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল হোসেন।”

আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।