নরসিংদীতে চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু
মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নরসিংদীর শিবপুর উপজেলায় একটি যাত্রীবাহী চলন্ত বাস থেকে পড়ে গিয়ে চালকের সহকারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কারার চর মদিনা জুটমিলের সামনে এ ঘটনা ঘটে বলে ইটাখোলা হাইওয়ে পুলিশের এসআই কবির হোসেন ভুঁইয়া জানান।
নিহত হেলপারের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের এসআই কবির হোসেন ভুঁইয়া বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা মিতালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেট যাচ্ছিল। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের কারার চর মদিনা জুটমিলের সামনে পৌঁছালে হঠাৎ করে চলন্ত বাসটি থেকে ছিটকে পড়েন যান কর্মরত চালকের সহকারী।
তিনি বলেন, “এরপর বাসটির চালক ও যাত্রীরা নেমে বাসের চাকার নিচে হেলপারের মরদেহ দেখতে পান।”
এসআই আরও বলেন, খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ বাসটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে যায়। চালক পলাতক রয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাসটির চালকসহ মৃত্যু হেলপারের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।
