২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ইউপি সদস্যকে পিটিয়ে ও রগ কেটে হত্যা

ফারুক মোল্লা ‘চরমপন্থি’ দলের সদস্য ছিলেন।

খুলনায় ইউপি সদস্যকে পিটিয়ে ও রগ কেটে হত্যা
ফারুক মোল্লা ফুলতলা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2025, 07:22 PM

Updated : 26 Aug 2026, 12:18 PM

খুলনার ফুলতলা উপজেলায় ইউনিয়ন পরিষদের এক সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

নিহত ব্যক্তির নাম ফারুক মোল্লা (৪৮)। তিনি উপজেলার পয়গ্রাম এলাকার হাসেম মোল্লার ছেলে এবং ফুলতলা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

ফুলতলা থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান সাংবাদিকদের বলেন, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বেজেরডাঙ্গার মধ্যডাঙ্গা গ্রামে কয়েক ব্যক্তি ফারুককে পিটিয়ে ও কুপিয়ে জখম করে এবং পায়ের রগও কেটে দেয়। পরে তাকে মৃত ভেবে ফেলে রেখে যায়। পাশাপাশি তার মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয়রা ফারুক মোল্লাকে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় নেওয়ার পথেই তিনি মারা যান।

পুলিশ জানায়, ফারুক মোল্লা ‘চরমপন্থি’ দলের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে ফুলতলা থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

২০১৯ সালের ৯ এপ্রিল সরকারের সাধারণ ক্ষমার আওতায় আত্মসমর্পণের সুযোগ পেয়ে তিনি ৩২ সদস্যকে নিয়ে পাবনায় গিয়ে আত্মসমর্পণ করেন। দুটি হত্যা মামলায় তার ৭৪ বছরের কারাদণ্ড হয়েছিল। উচ্চ আদালত থেকে তিনি জামিনে ছিলেন।

পরিদর্শক মনিরুজ্জামান বলেন, এখনও মামলা হয়নি। কেন, কী কারণে এই হত্যাকাণ্ড হয়েছে তা তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।