২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগ নেতার কব্জি কর্তন: নাটোর আওয়ামী লীগের সেক্রেটারি প্রধান আসামি

৩০ জনের নাম উল্লেখ করে করা মামলায় পাঁচ আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

যুবলীগ নেতার কব্জি কর্তন: নাটোর আওয়ামী লীগের সেক্রেটারি প্রধান আসামি

যুবলীগ নেতা মিঠুন আলী।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2023, 06:23 PM

Updated : 25 Jul 2023, 07:18 PM

নাটোরে যুবলীগ নেতা মিঠুন আলীর উপর হামলা করে ডান হাতের কব্জি কেটে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে; পরে এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাত ১২টার দিকে মিঠুনের ছোট ভাই মো. স্বপ্ন বাদশা সদর থানায় এই মামলা করেন; এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানকে প্রধান আসামি করে ৩০ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে বলে এসআই মো. সাজ্জাদ হোসেন জানান।

অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করা হয়; এরই মধ্যে এজাহারভুক্ত পাঁচ আাসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এই পুলিশ কর্মকর্তা বলেন, রোববার রাত ১০টার দিকে শহরের বলাড়ীপাড়ায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে ৩ নম্বর পৌর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুন আলীকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। এ সময় সন্ত্রাসীরা তার ডান হাতের কব্জি কেটে ফেলে। তাকে রক্ষা করতে গিয়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আরও পাঁচজন আহত হয়।

মিঠুন বর্তমানে ঢাকার লালমাটিয়ায় সিটি হাসপাতালে আইসিউতে চিকিৎসাধিন রয়েছেন।

এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় আওয়ামী লীগ নেতা নান্নু শেখের সঙ্গে যুবলীগ নেতা মিঠুন আলীর বিরোধ চলে আসছিল। গত ১৬ এপ্রিল নান্নু শেখকে কুপিয়ে জখম করা হয়। তখন মিঠুন ও তার সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ উঠে।

মিঠুনের উপর হামলার পর সোমবার নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেছিলেন, “ওই ঘটনার (নান্নু শেখের উপর হামলা) পর থেকেই এলাকায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। আজ রাতে মিঠুনসহ তার সমর্থকরা বলাড়ীপাড়া এলাকা দিয়ে যাওয়ার সময় নান্নু গ্রুপের লোকজনরা ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে।” 

আরও পড়ুন

পুরনো খবর:

নাটোরে যুবলীগ নেতার কব্জি কেটে নিল প্রতিপক্ষ