২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে যুবলীগ নেতার কব্জি কেটে নিল প্রতিপক্ষ

অভিযোগের তীর আওয়ামী লীগের স্থানীয় এক নেতার অনুসারীদের বিরুদ্ধে।

নাটোরে যুবলীগ নেতার কব্জি কেটে নিল প্রতিপক্ষ

যুবলীগ নেতা মিঠুন আলী।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2023, 12:45 AM

Updated : 24 Jul 2023, 01:23 AM

কয়েক মাস আগে নাটোরের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করা হয়েছিল। সেই হামলার অভিযোগ যার বিরুদ্ধে, সেই যুবলীগ নেতার উপর একই কায়দায় হামলা হল, তাতে এক হাতের কব্জি হারালেন তিনি।

এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের স্থানীয় পর্যায়ে বিরোধকে এই রক্তারক্তির জন্য দায়ী করছে পুলিশ।

রোববার রাত পৌনে ১০টার দিকে শহরের বলাড়ীপাড়া এলাকায় আক্রান্ত হন যুবলীগ নেতা মিঠুন আলী। শহরের ভবানীগঞ্জ মহল্লার মৃত শাহাবুদ্দিন আলীর ছেলে মিথুন ৩ নম্বর পৌর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, মিঠুন আলীর ডান হাতের কব্জি কেটে নেওয়া হয়। তাকে রক্ষা করতে গিয়ে তার তিন সমর্থক আহত হয়েছেন।

মিঠুন আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে। আহত অন্য তিনজন আরমান আলী, আব্দুলাহ আল রাব্বি ও বকুল মিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় আওয়ামী লীগ নেতা নান্নু শেখের সঙ্গে যুবলীগ নেতা মিঠুন আলীর বিরোধ চলে আসছিল। গত ১৬ এপ্রিল নান্নু শেখকে কুপিয়ে জখম করা হয়। তখন মিঠুন ও তার সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল।

তার জের ধরে মিঠুন আক্রান্ত হন বলে মনে করছেন পুলিশ কর্মকর্তা আজাদ। 

তিনি বলেন, “ওই ঘটনার (নান্নু শেখের উপর হামলা) পর থেকেই এলাকায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। আজ রাতে মিঠুনসহ তার সমর্থকরা বলাড়ীপাড়া এলাকা দিয়ে যাওয়ার সময় নান্নু গ্রুপের লোকজনরা ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে।”

মিঠুনের উপর হামলায় যারা জড়িত, তাদের আটকের জন্য পুলিশের অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি।