২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে জোড়া খুন মামলার আসামি একযুগ পর গ্রেপ্তার চট্টগ্রামে

পুলিশ জানায়, উলিপুরে জোড়া খুনের ‘এ হোতাকে’ রোববার বিকালে কুড়িগ্রাম মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

Published : 20 Aug 2023, 08:38 PM

Updated : 20 Aug 2023, 08:38 PM

কুড়িগ্রামের উলিপুরে জোড়া খুন মামলার পলাতক আসামিকে প্রায় একযুগ পর চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

রোববার দুপুরে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শনিবার চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকা থেকে র‍্যাবের সহায়তায় তাকে গ্রেপ্তার করে উলিপুর থানা পুলিশ। 

৫২ বছর বয়সি গ্রেপ্তার হারুনুর রশিদ উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের কাঁঠালবাড়ি এলাকার বাসিন্দা।  

মামলার নথির বরাতে পুলিশ জানায়, কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামারহাট চরাঞ্চলে জমি দখলকে কেন্দ্র করে ২০১২ সালের শুরুতে আব্দুল মজিদ এবং মোক্তার আলী নামের দু'জন খুন হন। এ ঘটনায় উলিপুর থানায় হত্যা মামলা হয়। 

সেই মামলার এজাহারভুক্ত আসামি মো. হারুন অর রশিদ গ্রেপ্তার এড়াতে দীর্ঘ একযুগ ধরে অবস্থান পরিবর্তন করে দেশের বিভিন্ন জেলায় পালিয়ে থাকেন। 

পুলিশ দীর্ঘদিন ধরে তথ্য সংগ্রহ করে আসামির অবস্থান নিশ্চিত করে র‌্যাবের সহায়তায় চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে কুড়িগ্রামে নিয়ে আসে। 

পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উলিপুরে জোড়া খুনের ‘হোতা’ হারুন অর রশিদকে রোববার বিকালে কুড়িগ্রাম মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।