গোপালগঞ্জে নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল কলেজ ছাত্রের লাশ
নিহতের দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের চারদিন পর পুকুর থেকে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার কলিগ্রামে ওই তরুণের মামাবাড়ির পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে মুকসুদপুর থানার ওসি মো. আশরাফুল আলম জানান।
নিহত সুব্রত বাড়ৈ (১৮) উপজেলার আম গ্রামের পশ্চিমপাড়ার রাধাবল্লভ বাড়ৈর ছেলে। তিনি মুকসুদপুরের কলিগ্রাম বঙ্গরত্ন কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্বজনদের বরাত দিয়ে ওসি আশরাফুল আলম জানান, সুব্রত বাড়ৈ কলিগ্রামে তার মামাবাড়ি থেকে পড়াশোনা করতেন। চারদিন আগে এক বন্ধু বাউল গানে যাওয়ার কথা বলে সুব্রতকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
বুধবার সকালে মামাবাড়ির পাশের একটি পুকুরে সুব্রতর মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আশরাফুল আলম আরও জানান, এ ঘটনায় নিহত সুব্রত’র দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
