২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাবদাহ: জবিতে চারদিন ক্লাস-পরীক্ষা সশরীরে, একদিন অনলাইনে

আগামী রোববার থেকে  সপ্তাহে চার দিন সশরীরে ক্লাস-পরীক্ষা চলবে। তবে মঙ্গলবার শুধু অনলাইনে ক্লাস হবে।

দাবদাহ: জবিতে চারদিন ক্লাস-পরীক্ষা সশরীরে, একদিন অনলাইনে
ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2024, 05:43 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

দেশজুড়ে চলা তাপপ্রবাহের মধ্যে স্বাস্থ্য সুরক্ষায় এক সপ্তাহের বেশি অনলাইন ক্লাসের পর সশরীরে ক্লাস-পরীক্ষায় ফিরছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী রোববার থেকে সপ্তাহে চার দিন সশরীরে ক্লাস-পরীক্ষা চলবে। তবে মঙ্গলবার শুধু অনলাইনে ক্লাস হবে। 

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে উপাচার্য অধ্যাপক সাদেকা হালিমের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ক্লাসের নতুন সূচি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, “দেশে চলমান তাপদাহের কারণে স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে রোববার থেকে চারদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস ও পরীক্ষা চলবে। তবে ৭ মে থেকে সপ্তাহের প্রতি মঙ্গলবার অনলাইন ক্লাস হবে। “

বিজ্ঞপ্তিতে তীব্র দাবদাহে স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। 

কেবল মঙ্গলবারই কেন অনলাইন ক্লাস রাখা হয়েছে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাদেকা হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জ্বালানি সাশ্রয়ের জন্য এর আগেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার অনলাইনে ক্লাস হত, সেই প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” 

গত ২২ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৈশাখের শুরু থেকেই বাড়তে থাকা তাপমাত্রা জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, তীব্র গরমের মধ্যে হিট স্ট্রোক, পানিশূন্যতাসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি রয়েছে।