২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে রিকশা গ্যারেজে ‘বিস্ফোরণে’ উড়ে গেল তরুণের আঙুল

বিস্ফোরণে ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হওয়া ছাড়াও ডান চোখ ও কনুইয়ে আঘাত পেয়েছেন ওই তরুণ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2024, 08:20 PM

Updated : 10 Sep 2026, 12:06 PM

ফরিদপুরের চরকমলাপুরে রিকশার গ্যারেজে বিস্ফোরণে এক তরুণের ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। 

শুক্রবার বিকাল ৪টার দিকে জেলার চরকমলাপুর জোড়া ব্রিজ এলাকার মনির হোসেন নামে এক ব্যক্তির গ্যারেজে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। 

আহত তরুণ শামীম হোসেন (১৮) জেলার সালথা উপজেলার লক্ষ্মণদিয়া গ্রামের মঙ্গল মোল্যার ছেলে। তিনি ওই গ্যারেজের কর্মচারী।

বিস্ফোরণে ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হওয়া ছাড়াও ডান চোখ ও কনুইয়ে আঘাত পেয়েছেন শামীম। 

স্থানীয়রা জানান, বিকালে ওই গ্যারেজের বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়ে তারা ছুটে যান। তারা শামীমকে আহতাবস্থায় সেখানে দেখতে পান। পরে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। পাইপের মধ্যে বিস্ফোরকজাতীয় কিছু ঢোকানোর সময় এ ঘটনা ঘটে বলে তাদের ধারণা। তবে পুলিশ এখনও নিশ্চিত করে কিছু বলেনি। 

কোতোয়ালি থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, “আসলেই কী ঘটেছিল সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। 

“ঘটনাস্থলে বোমা তৈরির কোনো সরঞ্জাম পাওয়া যায়নি। তাই বোমা তৈরি করা হচ্ছিল কিনা সেটিও নিশ্চিত নয়। তবে ওই যুবক সম্ভবত পাইপের মধ্যে বিস্ফোরকজাতীয় কিছু ঢোকাচ্ছিল। আমরা তেমন কিছু আলামত পেয়েছি।”

“শামীমকে জিজ্ঞাসাবাদে বিষয়টি সঠিকভাবে জানা যাবে,” বলেন ওসি।