সুন্দরবনে নৌকা থেকে হরিণের ৪০ কেজি মাংস জব্দ
নৌকায় তল্লাশি চালিয়ে চিত্রল হরিণের ৪০ কেজি মাংস, মাথা, চামড়া ও পাসহ মালামাল জব্দ করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবন থেকে ৪০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে; এ সময় শিকারীরা পালিয়েছেন বলে জানায় বনবিভাগ।
শনিবার রাত ১টার দিকে সুন্দরবনের হাজির ভারানি নামক স্থানে অভিযান চালানো হয় বলে জানান সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কে এম ইকবাল হোসেন চৌধুরী।
শিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় বনবিভাগ।
ইকবাল হোসেন বলেন, একটি নৌকায় তল্লাশি চালিয়ে চিত্রল হরিণের ৪০ কেজি মাংস, মাথা, চামড়া ও পাসহ মালামাল জব্দ করা হয়।
এ সময় অভিযানের বিষয়টি টের পেয়ে সংঘবদ্ধ শিকারীর দল সুন্দরবনের গভীরে পালিয়ে যায়।
ইকবাল আরও বলেন, শিকারীদের চিহ্নিত করে আটক করতে বনজুড়ে অভিযান অব্যাহত রয়েছে।
জব্দ করা হরিণের মাংস মাটিতে পুঁতে নষ্ট করা হয়েছে বলে জানান বনবিভাগের এই কর্মকর্তা।
