১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লগি-বৈঠা নিয়ে চড়াও জেলেরা, পিছু হটল অভিযান দল

দলটি হীরাখাঁর বাজার এলাকায় নদীর পাড়ে এলে জেলেসহ স্থানীয়রা বাকবিতণ্ডার এক পর্যায়ে লগি নিয়ে চড়াও হয় তাদের ওপর।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2024, 01:01 PM

Updated : 26 Aug 2026, 10:50 AM

মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে পদ্মায় গিয়ে জেলে ও স্থানীয়দের তোপের মুখে পিছু হটেছেন উপজেলা মৎস্য দলের সদস্যরা। 

শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শিবচরে নদীর চরজানাজাতের হীরাখার বাজার এলাকায় ওই ঘটনা ঘটে। 

লোকজন শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, জেলে ও স্থানীয়রা লগি-বৈঠা নিয়ে হামলার জন্য তেড়ে এলে সরে যান মৎস্য প্রশাসনের কর্মীরা। 

মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার বিকেলে চরজানাজাত এলাকায় যায় শিবচর উপজেলা মৎস্য অফিসের একটি দল। অভিযানে মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহও ছিলেন। 

দলটি হীরাখাঁর বাজার এলাকায় নদীর পাড়ে এলে জেলেসহ স্থানীয়রা বাকবিতণ্ডার এক পর্যায়ে লগি নিয়ে চড়াও হয় তাদের ওপর। 

অবস্থা বেগতিক দেখে দ্রুত স্পিডবোট নিয়ে নদীর মাঝখানে চলে যায় অভিযান দলটি। পরে তারা নিরাপদ স্থানে সরে যায়।

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, “আমরা নিয়মিত পদ্মায় অভিযান চালাচ্ছি। বিপুল পরিমাণ জাল জব্দসহ জেলেদেরও আটক করা হচ্ছে। 

“শুক্রবার বিকেলে অভিযানে গেলে হীরাখাঁর বাজার এলাকায় হামলা চালায় জেলেসহ স্থানীয়রা। এসময় আমরা দ্রুত নিরাপদ স্থানে চলে আসি।”

বর্তমানে নদীতে কোস্ট গার্ড ও নৌপুলিশের দুটি দল কাজ করছে বলে জানান তিনি।