Published : 10 Jun 2026, 09:36 PM
বেতনবৃদ্ধিসহ ৪ দাবিতে ডেলটা মেডিকেল কলেজ এবং ডেলটা হাসপাতাল লিমিটেডের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি তৃতীয় দিনে গড়িয়েছে।
আন্দোলনের অংশ হিসেবে বুধবার রাজধানীর মিরপুরে হাসপাতাল সংলগ্ন প্রধান সড়কে তারা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। কর্তৃপক্ষের কোনো সাড়া না পাওয়ায় কর্মবিরতিও অব্যাহত রেখেছেন।
তাদের চার দফা দাবি হল- ইন্টার্ন চিকিৎসকদের বর্তমান বেতন কাঠামো পুনর্বিবেচনা করে যথাযথভাবে সরকার প্রদত্ত পে-স্কেল অনুযায়ী ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা এবং যারা অবৈতনিক তাদের ৫ হাজার টাকা বেতন-ভাতা দেওয়া।
বেতন প্রতি মাসের প্রথম সাতদিনের মধ্যে নিয়মিতভাবে প্রদান নিশ্চিত করা। ইন্টার্নদের জন্য নির্ধারিত কক্ষের সুযোগ-সুবিধা (পর্যাপ্ত রুম, লকারের পরিমান বৃদ্ধি, বিশ্রামের জন্য পর্যাপ্ত বেডের ব্যবস্থা, নিরাপত্তা, পরিচ্ছন্নতা, পুরুষ ইন্টার্ন কক্ষকে শীতাতপ নিয়ন্ত্রিত করা ইত্যাদি) উন্নত করা।
কর্মপরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় সহায়ক ব্যবস্থা (নিরাপদ ডিউটি পরিবেশ, পর্যাপ্ত সরঞ্জামাদি, সিকিউরিটি গার্ড) গ্রহণ করা।
এর আগে গত ৭ জুন ডেলটা মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদ ও ডেলটা হাসপাতাল লিমিটেডের প্রশাসনকে জানিয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেন ইন্টার্ন চিকিৎসকরা। টানা ৩ দিন তারা কর্মবিরতি পালন করার পরেও হাসপাতাল কর্তৃপক্ষ তা আমলে নেয়নি।
বুধবার ডেলটা মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হেনা রাব্বি বলেন, “২০২৪ সালের ৮ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইন্টার্ন চিকিৎসকদের বেতন ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা করা হলো। এরপর সব সরকারি মেডিকেলে বেতন ভাতা বাড়লেও বেসরকারি মেডিকেলগুলোতে বাড়ে নাই।
“কিন্তু সময়ের সঙ্গে বাংলাদেশের বর্তমানে প্রায় সব বেসরকারি মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের বেতন ২০ হাজার টাকা করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় ডেলটা মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসকদের এখনো ১৫ হাজার টাকায বেতন দিচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।
“গত তিনদিন ধরে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেয়নি। তাই আমরা সব ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ইন্টার্ন চিকিৎসকরা রাজপথে নামতে বাধ্য হয়েছি।”