Published : 09 Jun 2026, 05:24 PM
কুমিল্লার বুড়িচং উপজেলায় অটোরিকশা আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নিমসার বাজারের এ ঘটনায় পুলিশের দুই কনস্টেবল আহত হয়েছেন বলে কুমিল্লার ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আবদুল জানান।
হামলার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।
আহতরা হলেন- ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার কনস্টেবল রাব্বি ও ইউসুফ। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আটক ব্যক্তির নাম ইউসুফ; তিনি নিমসার বাজারের একটি দোকানের কর্মচারী।
ওসি আবদুল মুমিন বলেন, “নিমসার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিমসার কলেজ গেট সংলগ্ন স্থানে উল্টোপথে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেখে হাইওয়ে পুলিশের একটি দল সেটি থামিয়ে চালককে আটক করে।
“এ সময় স্থানীয়দের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত লোকজন হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। তখন হাইওয়ে পুলিশের দুই সদস্য এবং আটক অটোরিকশার চালক আহত হন।”
এ ঘটনায় সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করা হবে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।