১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গভীর নলকূপের সমস্যায় ২৫০ বিঘা বোরো জমি চৌচির

নওগাঁ বিএমডিএ কর্তৃপক্ষ জানায়, এক সপ্তাহের মধ্যে নলকূপটি চালু করা সম্ভব হবে।

গভীর নলকূপের সমস্যায় ২৫০ বিঘা বোরো জমি চৌচির
নওগাঁর মান্দা উপজেলায় পানির অভাবে ফেটে যাচ্ছে বোরো ধানের জমি।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2025, 05:57 PM

Updated : 26 Aug 2026, 12:03 PM

নওগাঁর মান্দা উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএর একটি গভীর নলকূপে পাইপের সমস্যার কারণে প্রায় ২৫০ বিঘা বোরো জমিতে সেচের সমস্যা হচ্ছে। 

উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পিড়াকৈর গ্রামের একটি মাঠে গত ২০ দিন ধরে এ অবস্থা চলছে। সেচকাজ বন্ধ থাকায় এরই মধ্যে অধিকাংশ জমি ফেটে চৌচির হয়ে গেছে।

গভীর নলকূপের অপারেটর শাহিনুর ইসলাম বলেন, “কয়েক বছর ধরে গভীর নলকূপটিতে ঠিকমতো পানি উঠছে না। বোরিং পাইপের নিচের কিছু অংশ ছুটে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়। 

“বিষয়টি বিএমডিএ কর্তৃপক্ষকে জানালে দফায় দফায় শক্তি কমিয়ে বৈদ্যুতিক মোটর সরবরাহ করছে। কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। এ অবস্থায় সঠিকভাবে সেচ দিতে না পারায় ধানের জমি ফেটে যাচ্ছে।”

তিনি বলেন, “বৃহস্পতিবার রি-বোরিং এর জন্য বিএমডিএ অফিসে এক লাখ টাকা জমা দেওয়া হয়েছে। বারবার মোটর পরিবর্তন না করে সঠিক সময়ে রিং-বোরিং করা হলে মাঠের এ অবস্থা হত না।”

ওই মাঠের কৃষক আশরাফুল ইসলাম বলেন, “পিড়াকৈর মাঠের গভীর নলকূপ দিয়ে অন্তত ২৫০ বিঘা জমিতে বোরো ধানের চাষ করা হয়। এবার মাঠে সরিষার আবাদ থাকায় দেরিতে রোপণ কাজ শেষ করা হয়েছে। এরপর হঠাৎ করেই নলকূপ দিয়ে পানি উঠা বন্ধ হয়ে যায়। সময়মত সেচ দিতে না পারায় ধানের জমি ফেটে গেছে।” 

একই মাঠের আরেক কৃষক রতন চন্দ্র প্রামাণিক বলেন, “মাঠে আমি সাড়ে তিন বিঘা জমিতে ধানের আবাদ করেছি। ধান লাগানোর পর থেকেই পানির সমস্যা দেখা দিয়েছে। এ অবস্থায় মাঠের পাশের একটি পুকুর থেকে শ্যালো মেশিনে পানি তুলে খেত বাঁচানোর চেষ্টা করেছি।

“কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। শুধু শুধু খরচ বেড়েছে। পানির অভাবে ফসল ভালো না হলে চরম ক্ষতির মুখে পড়তে হবে।”

এ বিষয়ে উপজেলা বিএমডিএর সহকারী প্রকৌশলী এস এম মিজানুর রহমান বলেন, “গভীর নলকূপটির বোরিং পাইপের নিচের একটা অংশ ছুটে যাওয়া পানি উত্তোলনের পরিমাণ কমে গেছে। মাঝে মাঝে তা বন্ধ হয়ে যাচ্ছে। এ অবস্থায় সেখানে রি-বোরিং এর উদ্যোগ নেওয়া হয়েছে।” 

এক সপ্তাহের মধ্যে নলকূপটি চালু করা সম্ভব হবে বলে আশা করেছেন এই কর্মকর্তা।