১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

যশোরে ছিনতাই করা টাকা, অস্ত্রসহ ২ জন আটক

এ ব্যাপারে শার্শা থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2025, 12:34 PM

Updated : 26 Aug 2026, 12:33 PM

যশোরের শার্শায় পান ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত টাকা ও ছিনতাইয়ের সময় ব্যবহৃত হাঁসুয়া ও ছুরি। 

শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোড়পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান শার্শা থানার ওসি কে এম রবিউল ইসলাম। 

আটকদের মধ্যে সবুজ হোসেন (২৮) উপজেলার গোঁড়পাড়া গ্রামের সর্দারপাড়ার মৃত মকছেদ আলীর ছেলে ও টিটু মিয়া (২৩) একই গ্রামের নজরুল ইসলামের ছেলে।

ওসি রবিউল বলেন, গোঁড়পাড়া বাজারের পান ব্যবসায়ী তবিবর রহমান শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে ফকিরতলা বিশ্বাসবাড়ির কাছে পৌঁছালে পাকা রাস্তার উপর দুই যুবক তার গতিরোধ করে। 

এসময় তারা দেশীয় হাসুয়া ও চাকু উঁচিয়ে ভয় দেখিয়ে তবিবর রহমানের সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয়। 

ওসি বলেন, এ ঘটনার খবর পেয়ে গোঁড়পাড়া ফাঁড়ির টহলরত পুলিশ সঙ্গে সঙ্গে অভিযানে নেমে দুই ছিনতাইকারীকে আটক করে। 

এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা ১০ হাজার ৫৬০ টাকা, একটি হাসুয়া ও একটি চাকু উদ্ধার করা হয়।

এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে এবং আটকদেরকে রোববার আদালতে তোলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।