২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণ্ডগোলে আহত বন্ধুদের দেখে ফেরার পথে কিশোর খুন

তার কাঁধের পেছনের হাড় ভাঙা এবং শ্বাসনালী ও থুতনিতে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন দেখেছেন চিকিৎসক।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2024, 03:54 PM

Updated : 25 Feb 2024, 04:41 PM

খাবার নিয়ে গোলমালের জেরে বন্ধুদের মারধর ও ছুরিকাঘাত করা হয়েছে খবর পেয়ে তাদের হাসপাতালে দেখতে গিয়েছিল এক কিশোর; সেখান থেকে ফেরার পথে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

সদর উপজেলার শানতলা এলাকায় শনিবার রাত ১টার দিকে ১৭ বছর বয়সী চয়ন দাস হামলার শিকার হন বলে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সফিকুল আলম চৌধুরী জানান।

নিহত চয়ন ওই উপজেলার চুড়ামনকাটির দাসপাড়ার নয়ন দাসের ছেলে।

ঘটনার বর্ণনায় নয়ন বলেন, শনিবার রাতে তাদের পাড়ার কয়েকজন কিশোর ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গ্রামে নামযজ্ঞ অনুষ্ঠানে যায়। সেখানে ভোগের খাবার নিয়ে শানতলা দাসপাড়ার ছেলেদের সঙ্গে চুড়ামনকাটি দাসপাড়ার ছেলেদের গোলমাল বাধে।

এ সময় চুড়ামনকাটির স্বাধীন ও দিপ্তসহ কয়েকজনক মারধর ও ছুরিকাঘাত করা হলে তাদের চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়।

“খবর পেয়ে চয়ন এলাকার লোকজনের সঙ্গে রাত সাড়ে ১১টার দিকে আহত বন্ধুদের দেখতে হাসপাতালে যায়। রাত ১টার দিকে বাড়ি ফেরার পথে ১৫/২০ জন তাদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা চয়নকে পিটিয়ে জখম করে।

“পরে তার সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক চয়নকে মৃত ঘোষণা করেন।”

হাসপাতালে নেওয়ার আগেই চয়নের মৃত্যু হয়েছিল; তার কাঁধের পেছনের হাড় ভাঙা এবং শ্বাসনালী ও থুতনিতে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা পার্থ প্রতিম চক্রবর্তী জানিয়েছেন।

নিহতের ময়নাতদন্ত শেষ হয়েছে জানিয়ে পরিদর্শক শফিকুল বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।