প্রধানমন্ত্রীর সফর ঘিরে কোটালীপাড়ায় উৎসবের আমেজ
টুঙ্গিপাড়ার নিজ বাসভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক পথে কোটালীপাড়ায় যাবেন।
পঞ্চম বারের মতো সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনি এলাকায় শুভেচ্ছা ও মতবিনিময় সভাকে কেন্দ্র করে গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলছে উৎসবের আমেজ।
রোববার কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এই সভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তাকে স্বাগত জানাতে উপজেলা সদরসহ আশপাশের এলাকা তোরণ, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে। লাল-নীল-সবুজ-হলুদসহ বর্ণিল পতাকা দিয়ে সাজানো হয়েছে রাস্তার দু’পাশ।
আওয়ামী লীগ সভাপতিকে শুভেচ্ছা জানাতে দলের নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
নেতাকর্মীদের দাবি, কোটালীপাড়া-টুঙ্গিপাড়া নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ সংসদীয় আসনের বাসিন্দারা বঙ্গবন্ধু কন্যাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন। তাই তারা ভোট দিয়ে এ নিয়ে টানা অষ্টম বার সংসদ সদস্য নির্বাচিত করেছেন শেখ হাসিনাকে।
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, “প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিপুল ভোটে অষ্টম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমরা তাকে শুভেচ্ছা জানাতে ঢাকায় যেতে চেয়েছিলাম। তখন প্রাণপ্রিয় নেত্রী আমাদেরকে বলেছেন, ‘তোমাদের ঢাকা আসতে হবে না, আমিই তোমাদেরকে শুভেচ্ছা জানাতে কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় আসবো।”
তারপর থেকেই প্রিয় প্রধানমন্ত্রীকে দেখতে নেতাকর্মী ও সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছে জানিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী হওয়ার পর তাকে একনজর দেখতে ও মুখের কথা শুনতে আমরা মুখিয়ে রয়েছি। এ জন্য তিনি রোববার কোটালীপাড়ায় আসছেন। তাকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত।”
মতবিনিময় সভার জন্য কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্মাণ করা হয়েছে মঞ্চ ও বিশাল প্যান্ডেল। মতবিনিময় সভাস্থলসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মতবিনিময় সভার প্যান্ডেলে দুই হাজার নেতা-কর্মীর বসার ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এর আগে পঞ্চম বার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে প্রথম সফরে গোপালগঞ্জে আসেন প্রধানমন্ত্রী। দুইদিনের সরকারি সফরে শনিবার সকালে গণভবন থেকে সড়ক পথে পদ্মাসেতু হয়ে দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসেন তিনি।
বেলা ১২টায় নতুন মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ছোট বোন শেখ রেহানা ও পরিবারের সদস্যরাও তার সঙ্গে ছিলেন।
দুপুরে সরকার প্রধান টুঙ্গিপাড়ার নিজ বাসভবনে মন্ত্রী পরিষদের অনানুষ্ঠানিক সভায় যোগ দেন।
বিকালে তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতা-কর্মী, জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে শুভেচ্ছা এবং মতবিনিময় সভা করেন। সেখানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
শনিবার রাতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা টুঙ্গিপাড়ার নিজ বাসভবনে অবস্থান করেন।
রোববার দুপুরে টুঙ্গিপাড়ার নিজ বাসভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক পথে কোটালীপাড়ায় যাবেন। সেখানে শুভেচ্ছা ও মতবিনিময় সভা শেষে বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গেছে।
গত ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে নির্বাচনি জনসভায় ভাষণ দিয়েছিলেন। সেদিন জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়েছিল।
