প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কুমিল্লায় মহাসড়কজুড়ে বিএনপি
প্রধানমন্ত্রীর ফেনী সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বিএনপি নেতাকর্মীরা জড়ো হন।
ফেনী সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।
বৃহস্পতিবার সকাল থেকেই দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত মহাসড়কের প্রায় ১০৪ কিলোমিটার এলাকার বিভিন্ন পয়েন্টে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ সারিবদ্ধভাবে অবস্থান নেন।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, দাউদকান্দি, চান্দিনা, নিমসার, পদুয়ার বাজার, আলেখারচর, চৌদ্দগ্রামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা ব্যানার ও ফেস্টুন হাতে প্রধানমন্ত্রীকে স্বাগত ও শুভেচ্ছা জানাতে দাঁড়িয়েছেন।
এ ছাড়া নিমসার জুনাব আলী কলেজ থেকে মিল গেইট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় বুড়িচং মোকাম ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে অবস্থান নেন স্থানীয় বিএনপি নেতা গোলাম সারোয়ার।
অন্যদিকে পদুয়ার বাজার ও আলেখারচর এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো মহাসড়কজুড়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
পাশাপাশি চৌদ্দগ্রাম, লাকসাম, মনোহরগঞ্জ ও নাঙ্গলকোটের নেতাকর্মীরাও নির্দিষ্ট স্থানে সারিবদ্ধভাবে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান।
