২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগারে দুই কয়েদির মৃত্যু

কারাগারটির সুপার জানান, মারা যাওয়াদের এক জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত, আরেকজন যাবজ্জীবন সাজার কয়েদি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2023, 10:40 PM

Updated : 17 Oct 2023, 10:40 PM

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই কয়েদির মৃত্যু হয়েছে। 

গত সোমবার রাতে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয় বলে কারাগারটির ভারপ্রাপ্ত সুপার মো. আমিরুল ইসলাম জানান।

মৃতরা হলেন- ময়মনসিংহের কোতোয়ালি থানাধীন মির্জাপুর এলাকার কামাল হোসেনের ছেলে মো. আকরাম হোসেন (৪০), এবং বাগেরহাটের মোড়লগঞ্জ থানাধীন দানসাগর গ্রামের ওয়াজেদ আলী ফরাজীর ছেলে নজরুল ইসলাম ফরাজী (৬২)।  

সুপার আমিরুল ইসলাম জানান, ২০১৭ সালে টাঙ্গাইলের মধুপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় মৃত্যুদণ্ড পেয়ে কারাবন্দি ছিলেন আকরাম। সোমবার রাত ১২টার দিকে তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন।

এ সময় কারা হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন। তার কয়েদি নম্বর ৩৮১৮/এ। 

কারাগারটির ভারপ্রাপ্ত সুপার আরও জানান, সাভার থানার একটি মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম ফরাজী প্রায় ২০ বছর ধরে বন্দি ছিলেন।

রোববার মধ্যরাতে তিনি বুকের ব্যথায় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। ওই রাতেই তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।