আদালতে বিচার চলাকালে সোফায় দেখা মিলল সাপের
ঝালকাঠির জেলা আদালতে আইনজীবীদের বসার সোফায় ফোমের ভেতরে সাপটি ছিল।
ঝালকাঠির একটি আদালতে বিচারকাজ চলাকালে সোফায় ফোমের নিচে সাপ দেখে আতঙ্কে বিচারিক কার্যক্রম মুলতবি হয়ে যায়।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় অবস্থিত অতিরিক্ত জেলা নির্বাহী আদালতে এ ঘটনা ঘটে বলে আদালতের বেঞ্চ সহকারী শাহ জামাল জানান।
তিনি বলেন, “এজলাসে বিচারকাজ চলার সময় দুপুর ১২টার দিকে আইনজীবীদের বসার সোফার ফোমের ভেতরে সাপটিকে দেখতে পেয়ে হৈচৈ করে উঠেন তারা। এ সময় সাপ আতঙ্ক ছড়িয়ে পড়ে।
“ওই আদালতের বিচারক সাজিয়া আফরোজ সবাইকে নিরাপদে থাকতে বলে এজলাস কক্ষ ত্যাগ করেন। পরে আদালতের বিচার কার্যক্রম মুলতবি করা হয়।”
শাহ জামাল বলেন, “পরে এক পর্যায়ে সোফাটি আদালতের বাইরে বারান্দায় এনে সাপটিকে মেরে ফেলেন বিচারপ্রার্থীরা।”
