১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শিমুলিয়া-মাঝিরকান্দি: চালুর ১৩ দিনের মাথায় ফেরি চলাচল বন্ধ

ঈদের পর যানবাহন না থাকায় ফেরি দুটি সরিয়ে নেওয়া কথা জানিয়েছে বিআইডব্লিউটিসি।

শিমুলিয়া-মাঝিরকান্দি: চালুর ১৩ দিনের মাথায় ফেরি চলাচল বন্ধ

ছবি: ফাইল ছবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2023, 08:59 PM

Updated : 30 Apr 2023, 08:59 PM

ঈদকে ঘিরে মোটরসাইকেল পারাপারের জন্য মুন্সীগঞ্জের শিমুলিয়া-মাঝিরকান্দি নৌরুট চালুর ১৩ দিনের মাথায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডাব্লিউটিসি) জানিয়েছে, পর্যাপ্ত যানবাহন ও যাত্রী না থাকায় ফেরি দুটি বন্ধ করা হয়েছে।

রোববার সকাল ১১টার দিকে সর্বশেষ কলমিলতা নামের ফেরিটি সরিয়ে নেওয়ার মাধ্যমে আবারও বন্ধ হয়ে গেল শিমুলিয়া-মাঝিরকান্দি নৌরুট।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন জানান, ঈদের সময় মোটরসাইকেল পারাপারের জন্য কলমিলতা ও কুঞ্জলতা নামের দুটি ফেরি আনা হয়েছিল। ১৮ ও ১৯ এপ্রিল ফেরি দুটি দিয়ে মোটরসাইকেল পারাপার করা হয়।

“সেই সময় মোটরসাইকেল পারাপারে বেশ চাপ পড়েছিল। তবে ২০ এপ্রিল থেকে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল শুরু হলে ফেরি ঘাটে যানবাহনের চাপ কমতে থাকে।

“এরপর থেকে শিমুলিয়া ও মাঝিরকান্দি ঘাট যানবাহন শূন্য হয়ে পড়ে। অলস পড়েছিল ফেরি দুটি। তাই ২৭ এপ্রিল ফেরি কুঞ্জলতা এবং আজ ফেরি কলমিলতা সরিয়ে নেওয়া হয়েছে।”

জামাল হোসেন আরও জানান, আরিচা-কাজিরহাট রুট থেকে আনা হয়েছিল ‘কুঞ্জলতা’। আর ভোলা-লক্ষ্মীপুর নৌরুট থেকে আনা হয়েছিল ‘কলমিলতা’। এখন শিমুলিয়া-মাঝিরকান্দি রুটে চলাচল বন্ধ হওয়ায় দুটি ফেরি আগের রুটে ফিরিয়ে নেওয়া হয়েছে।

পদ্মা সেতু চালু হওয়ার পর প্রায় সাড়ে ১০ মাস বন্ধ ছিল শিমুলিয়া-মাঝিরকান্দি নৌরুট। ঈদের সময় মোটরসাইকেল পারাপারে গুরুত্ব দিয়ে পদ্মা সেতুর নিচ দিয়ে নতুন একটি নৌ চ্যানেলে ফেরি চালু করা হয়েছিল।