ঈদ জামাতে এক কাতারে খোকন-সাদিক-জাহিদ, করলেন কোলাকুলি
সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ উঠে গিয়ে খোকন সেরনিয়াবাতকে কদমবুচি করে শামিয়ানার নীচে নিয়ে আসেন।
এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেছেন বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও সদর আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক শামীম।
বৃহস্পতিবার সকাল ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নগরীর বান্দ রোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সেখানেই তারা ঈদের নামাজ আদায় করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামাত শুরুর আগেই ঈদগাহে হাজির হন বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এরপর সেখানে আসেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। মেয়র গিয়ে তাকে অভ্যর্থনা জানান। পরে দুজনই শামিয়ানার নীচে গিয়ে পাশাপাশি বসেন।
এরপর ঈদগাহে আসেন নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত। তখন সাদিক আব্দুল্লাহ উঠে গিয়ে তাকে কদমবুচি করে শামিয়ানার নীচে নিয়ে আসেন।
কাতারে একপাশে ছিলেন খোকন সেরনিয়াবাত, তার বাম পাশে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, তারপর ছিল সাদিক আব্দুল্লাহর ছোট ছেলে এবং পরে ছিলেন সাদিক আব্দুল্লাহ। নামাজ শেষে সবাই কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
নামাজ শুরুর আগে সবার উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম।
জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কোরবানির গরুর জন্য কম দামি লবণ কিনবেন। যারা চামড়া সংগ্রহ করতে আসবেন তাদের দিয়ে দেবেন। কোনোভাবেই চামড়া নষ্ট করা যাবে না।”
নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত বরিশালবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “যারা আমার ওপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, আমি যেন সেই নতুন বরিশাল গড়তে পারি সেজন্য আল্লাহর কাছে দোয়া চাচ্ছি।”
এ সময় তিনি নৌকার মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেন, “আসুন আমরা সবাই মিলে এই দেশকে এগিয়ে নিয়ে যাই। একসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।“
মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, “মেয়র হিসেবে আমি আজ শেষবারের মতো ঈদের জামাতে বক্তব্যে দিচ্ছি। এ নিয়ে পাঁচটি ঈদ কাটালাম। আজ আমরা সবার জন্য দোয়া করব। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহর জন্য।
“শুভেচ্ছা আগেও জানিয়েছি, আজ আবার জানাচ্ছি নবনির্বাচিত মেয়র আমার চাচাসহ সবাইকে। সবাইকে ঈদ মোবারক জানাই। আমার কর্মকাণ্ডের মাধ্যমে ভুলত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।
“এখানে আমার কোনো স্বার্থ ছিল না। বরিশারবাসীর স্বার্থই আমার স্বার্থ। আমি ছিলাম, আছি। যতদিন বেঁচে থাকব বরিশালবাসীর পাশে থাকব।সেবা করব। এজন্য মেয়র থাকতে হবে এমন কোনো কথা নেই।
সাদিক আব্দুল্লাহ আরও বলেন, “এই ঈদে সবার মনে যে কালিমা আছে, তা ধুয়েমুছে নতুন করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।”
নামাজে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, বীর মুক্তিযোদ্ধা মাহবুবউদ্দিন আহম্মেদ বীর বিক্রম, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে এবার খোকন সেরনিয়াবাতের পাশাপাশি তার বড় ভাই আবুল হাসানাত আব্দুল্লাহর বড় ছেলে সাদিক আব্দুল্লাহও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু দল চাচা খোকন সেরনিয়াবাতকেই মনোনয়ন দেয়।
