২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসিই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায়: শওকত মাহমুদ

এমন নির্বাচন কমিশন আগে দেখেননি বলেও মন্তব্য করেন তিনি।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2023, 04:10 PM

Updated : 18 Dec 2023, 05:06 PM

বর্তমান নির্বাচন কমিশনের প্রশংসা করে কুমিল্লা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা শওকত মাহমুদ বলেছেন, “এই নির্বাচন কমিশনই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করছে।”

তিনি বলেছেন, “জাতীয় নির্বাচনের আগে এত ইউএনও ও ওসিকে কোনো নির্বাচন কমিশনই বদলি করেনি। এবারই প্রথম এমন ঘটনা ঘটেছে।”

সোমবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন শওকত মাহমুদ।

 

এমন নির্বাচন কমিশন আগে দেখেননি বলেও মন্তব্য করেন তিনি। 

ঈগল প্রতীক পাওয়া শওকত মাহমুদ বলেন, “আমাকে অনেকে আওয়ামী লীগের এজেন্ট বলছেন। এসব মিথ্যা অপপ্রচার। যদি আওয়ামী লীগের সঙ্গে আপস করেই নির্বাচন করতাম, তাহলে আমার বিরুদ্ধে থাকা ৬২টি মামলা প্রত্যাহার করিয়ে নির্বাচনে আসতাম।  

তৃণমূলে আমার ব্যাপক জনপ্রিয়তা আছে। ভালো ভোট হলে আমিই জিতবো।”

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে কালো টাকার ‘ছড়াছড়ি’র খবর পেয়েছেন দাবি করে তিনি বলেন, “কালো টাকা ভোটের পরিবেশ নষ্ট করবে। নির্বাচন কমিশনকে এ বিষয়টিতে নজর দেওয়ার অনুরোধ করব।”

এ আসনে শওকত মাহমুদ ছাড়াও ভোটের মাঠে রয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আবুল হাশেম খান, স্বতন্ত্র প্রার্থী এমএ জাহের, স্বতন্ত্র হিসেবে প্রার্থী হওয়া আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন স্বপন, জাহাঙ্গীর খান চৌধুরী, যুবলীগ নেতা এহেতেসামুল হাসান ভূঁইয়া রুমি, বাংলাদেশ সুপ্রিম পার্টির মুহাম্মদ খাজা বাকী বিল্লাহ এবং জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম।