জাবির শৌচাগার থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
পুলিশ জানায়, ওই ব্যক্তি ক্যাম্পাসের কলাবাগান এলাকায় তার ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিলেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের শৌচাগার থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে সাভার জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ নুর আলম জানান।
নিহত মো. দানিছুর রহমান (৭০) ঢাকার লালবাগ থানার শহিদনগর এলাকার তিন নম্বর গলির বাসিন্দা।
ক্যাম্পাসের কলাবাগান এলাকায় তার ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিলেন তিনি।
সরেজমিনে গিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পরিচ্ছন্নতাকর্মী মহিদুল ইসলাম বিকালে কেন্দ্রীয় মসজিদের শৌচাগার পরিষ্কার করতে যান। তিনি ভেতর থেকে শৌচাগারের দরজা বন্ধ পান। তখন কিছু সময় অপেক্ষার পর দরজায় কড়া নাড়েন। অনেকক্ষণ কোনো সাড়া না পেয়ে বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তাকর্মীকে ডেকে নিয়ে আসেন মহিদুল।
তিনি বলেন, “আমি শৌচাগার থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে নিরাপত্তাকর্মী জাকারিয়াকে নিয়ে আসি। পরে জাকারিয়া দরজার উপরের ফাঁক দিয়ে দেখতে পান, এক ব্যক্তি অজ্ঞান হয়ে পড়ে আছেন। পরে আমরা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় ফোন দিই।”
নিরাপত্তা শাখার প্রধান কর্মকর্তা সুদীপ্ত শাহিন বলেন, “আমাদের নিরাপত্তাকর্মীরা আশুলিয়া থানা পুলিশকে জানায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশ শনাক্ত করা গেছে; বাকি বিষয়গুলো পুলিশ দেখবে।”
এসআই নুর আলম মিয়া বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বৃদ্ধ ‘স্ট্রোক’ করে মারা গেছেন। এখন নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত করতে হবে। তবে তার পরিবার যদি মনে করে, ময়নাতদন্তের প্রয়োজন নেই, তবুও আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
