২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর জেলা ছাত্রলীগ কমিটির স্থগিতাদেশ উঠল, ৯ কর্মী বহিষ্কার

সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থি অপরাধ এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কাছে জড়িত থাকায় তাদের বহিষ্কার করা হয়।

রংপুর জেলা ছাত্রলীগ কমিটির স্থগিতাদেশ উঠল, ৯ কর্মী বহিষ্কার

বাংলাদেশ ছাত্রলীগ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2023, 06:18 PM

Updated : 24 Jul 2023, 06:18 PM

রংপুর জেলা ছাত্রলীগ কমিটির ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে; পাশাপাশি স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে ৯ কর্মীকে।

রোববার বাংলাদেশ ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় বলে সোমবার জানিয়েছেন রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ।

রংপুর বিভাগীয় সমাবেশে বিশৃঙ্খলা ও মারধরের ঘটনায় জেলা কমিটি স্থগিত করা হয়েছিল।

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত ওই  বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থি অপরাধ এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপের সঙ্গে জড়িত ৯ কর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এ ছাড়া ভবিষ্যতে যে কোনো প্রকার শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে না জড়ানোর জন্য সতর্ক করে রংপুর জেলা ছাত্রলীগের ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।

যাদের বহিষ্কার করা হয়েছে তারা হলেন- রংপুর টেক্সটাইল কলেজের সিয়াম আলম, লালমনিরহাট কাকিনা উত্তর বাংলা কলেজের জিহাদ রহমান জিসান, রংপুর সরকারি কলেজের মোনাজাত, আল আমিন হোসাইন, রাজন হোসাইন, কারমাইকেল কলেজের শাহাদত হোসনে রিমন, ইমন ইসলাম এবং মাসুদ রানা সাফিন ও আল আমিন হোসেন।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে  বলেন, “একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রলীগ রংপুর জেলার কমিটি স্থগিত করেছিল।

“পরবর্তীতে ভিডিও ফুটেজ পর্যালোচনা এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। সেই সঙ্গে আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়।”

এর আগে ৪ জুলাই রংপুর জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রলীগ। একই দিনে মহানগর ছাত্রলীগ ও রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়।