২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় চিংড়িতে বিষাক্ত জেলি মেশানোয় ৩ জনের কারাদণ্ড

বেশি লাভের আশায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা থেকে আসা চিংড়িতে জেলি পুশ করে বিভিন্ন বাজারে সরবরাহ করছিলেন তারা।

কুমিল্লায় চিংড়িতে বিষাক্ত জেলি মেশানোয় ৩ জনের কারাদণ্ড

ওজন বাড়াতে চিংড়িতে বিষাক্ত জেলি মেশায় অসাধু ব্যবসায়ীরা

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2022, 06:21 PM

Updated : 02 Nov 2022, 06:21 PM

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় চিংড়িতে বিষাক্ত জেলি মেশানোর দায়ে তিনজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আমিরাবাদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বাগেরহাটের মোল্লারহাট থানার গাংনি এলাকার মিকরাইল উল্লাহ (২২), সহিদুল শেখ (২২) ও দাউদকান্দির পেন্নাই এলাকার আজহারুল ইসলাম (৪০)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর বলেন, আমিরাবাদ এলাকার একটি ঘরে ওজন বাড়াতে চিংড়িতে বিষাক্ত জেলি মেশানো হচ্ছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়।

সেখান থেকে আটক তিনজনকে জিজ্ঞাসাবাদে জানা যায়- খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা থেকে চিংড়ি এখানে আসার পর ওজন বাড়িয়ে বেশি লাভের আশায় তাতে জেলি পুশ করে বিভিন্ন বাজারে সরবরাহ করছিল তারা।

“অপরাধ স্বীকার করায় তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।”

অভিযানকালে কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়েজ ইকবালসহ দাউদকান্দি মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বুধবার সকালে দণ্ডপ্রাপ্তদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

মাছ ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দেশের বিভিন্ন মৎস্য আড়তে সাতক্ষীরা ও খুলনা থেকে গলদা এবং বাগদার মতো বড় জাতের চিংড়ির চালান আসে। চাহিদা বেশি থাকায় এসব চিংড়ির দামও বেশ চড়া।

ওজন বাড়াতে অসাধু ব্যবসায়ীরা ইঞ্জেকশনের মাধ্যমে চিংড়িতে এক ধরণের বিষাক্ত রাসায়নিক পদার্থ পুশ করে। অনেকটা সুজির মতো দেখতে এই পদার্থকেই বলা হয় ‘জেলি’।