২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌকা ও ঈগলের সমর্থকদের সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ৫

জামালপুর-৫ আসনে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় একে অপরকে দোষারোপ করেছেন প্রার্থীরা।

নৌকা ও ঈগলের সমর্থকদের সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ৫

জামালপুর সদরে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2023, 12:14 AM

Updated : 28 Dec 2023, 12:57 AM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ আসনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ইউপি সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। এ সময় নৌকার নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করা হয়।

বুধবার বিকালে সদর উপজেলার শাহবাজপুর দক্ষিণ কৈডোলা গ্রামে এ ঘটনা ঘটে বলে জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবির জানান।

খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহরাব হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আহতদের মধ্যে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য নিয়ামত আলী ও তার ছেলে জাকির হোসেন ফকির, বেলাল হোসেনের ছেলে মাসুদ রানা এবং মারুফ হোসেনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলা ও ভাঙচুরের ঘটনার জন্য স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর সমর্থকদের দায়ী করেছেন নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থক সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপন।

তিনি বলেন, “দক্ষিণ কৈডোলার হক দাখিল মাদ্রাসা সংলগ্ন নৌকা প্রতীকের নির্বাচনি ক্যাম্পে কমিটির লোকজন প্রচার শেষে সেখানে বসে চা খাচ্ছিলেন। এ সময় ঈগল প্রতীকের সমর্থকরা অতর্কিতভাবে ক্যাম্পে হামলা চালায়।”

হামলার অভিযোগ অস্বীকার করে জামালপুর-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রেজনু বলেন, “প্রচারণা শুরুর দিন থেকে আমার সমর্থকদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন নৌকার সমর্থকরা। এরমধ্যে ঈগল প্রতীকের বেশ কয়েকটি প্রচার কেন্দ্র ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

“এমনকি ঈগল প্রতীকের সমর্থকদের বাড়িঘর লুট করেছেন তারা। আমার কর্মী-সমর্থকদের ওপর একাধিকবার আঘাত করা হয়েছে।”

বিকালে শাহবাজপুরে নৌকার সমর্থকরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে ঈগলের সমর্থকদের ফাঁসানোর চেষ্টা করছেন বলে দাবি করেন এ আওয়ামী লীগ নেতা।

ঘটনাস্থল পরিদর্শনের কথা জানিয়ে ইউএনও মেহনাজ ফেরদৌস বলেন, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি মুহাম্মদ মহব্বত।