২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ‘র‌্যাব পরিচয়ে পৌনে ৬ লাখ টাকা ছিনতাই’

রড-সিমেন্ট কেনার জন্য টাকাগুলো ব্যাংক থেকে তোলে বাড়ি নিয়ে যাচ্ছিলেন বলে দাবি ওই ব্যক্তির।

রাজশাহীতে ‘র‌্যাব পরিচয়ে পৌনে ৬ লাখ টাকা ছিনতাই’

মোহনপুর থানা

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2023, 12:09 AM

Updated : 07 Apr 2023, 12:09 AM

রাজশাহীর মোহনপুর উপজেলায় র‌্যাব পরিচয়ে ৫ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে মোজাহার আলী (২৮) নামের এক যুবক লিখিত অভিযোগ করেন বলে মোহনপুর থানার ওসি সেলিম বাদশাহ জানান।

মোজাহার রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউপির ইন্দ্রপুর গ্রামের ফজের আলীর ছেলে।

অভিযোগের বরাদ দিয়ে ওসি বলেন, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মোজাহার আলী ও তার মামা কেশরহাট ইসলামী ব্যাংক শাখা থেকে ৫ লাখ ৮০ হাজার টাকা তুলে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। পথে ধামিন নওগাঁ বিলের মাঝখানের রাস্তায় মাইক্রোবাসে আসা পাঁচ যুবক তাদের গতিরোধ করে নিজেদের র‌্যাব পরিচয়ে দিয়ে তল্লাশির কথা বলে। এ সময় যুবকরা পিস্তল বের করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় এবং ভ্যানে থাকা মোজাহার ও তার মামা দুলাল হোসেনকে (৪০) মাইক্রোবাসে উঠিয়ে মোবাইল ফোন কেড়ে নেয়। এর পর তাদের চোখ বেঁধে ধামিন নওগাঁর প্রত্যন্ত এলাকায় রাস্তার ধারে ফেলে দিয়ে যুবকরা মাইক্রোবাসে চলে যায়।

মোজাহার আলী জানান, তিনি ও তার স্ত্রী কুমিল্লা মুন ডায়াগনস্টিক সেন্টারে প্যাথোলজিস্ট হিসেবে কর্মরত। ছুটি নিয়ে নিজ গ্রামে এসেছেন বাড়ির কাজ করার জন্য। তিনি রড ও সিমেন্ট কেনার জন্য টাকাগুলো ব্যাংক থেকে উত্তোলন করে বাড়ি নিয়ে যাচ্ছিলেন।

মোহনপুর থানার ওসি বলেন, ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বলা যাবে কারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত। এ ছাড়া ব্যাংকের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেটিও খতিয়ে দেখা হচ্ছে।