নীলফামারীতে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
নির্মল দ্বিতীয় বিয়ের পর থেকে স্ত্রীর ওপর নির্যাতন করছিলেন; এর ধারাবাহিকতায় এক হত্যাকাণ্ড বলে অভিযোগ মেঘনার স্বজনদের।
নীলফামারীর ডোমারে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার হরিণচড়া ইউনিয়নের আটিয়াবাড়ি মাস্টারপাড়ায় এ হত্যার ঘটনা ঘটে বলে ডোমার থানার ওসি মো. মাহমুদ উন নবী।
গ্রেপ্তার নির্মল চন্দ্র রায় (৪০) ওই এলাকার বাসিন্দা।
নিহত মেঘনা রানী রায় (৩৫) নির্মল চন্দ্র রায়ের স্ত্রী ও একই উপজেলার বামুনিয়া ইউনিয়নের খামার বামুনিয়া গ্রামের শচীন চন্দ্র রায়ের মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মাহমুদ উন নবী বলেন, পারিবারিক কলহের জের ধরে সকাল ৭টার দিকে নিজ শয়ন কক্ষে স্ত্রী মেঘনাকে শ্বাসরোধ করে হত্যা করেন নির্মল। খবর পেয়ে পুলিশ মেঘনার মরদেহ উদ্ধার করে। এরপর সুরহতাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের সহযোগিতায় ওই গ্রাম থেকে পুলিশ নির্মল চন্দ্রকে গ্রেপ্তার করে বলে তিনি জানান।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে নির্মল চন্দ্র হত্যার দায় স্বীকার করেছেন; এ ঘটনায় নিহতের স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।”
মামলা দায়েরর পর আসামিকে আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
মেঘনার ফুফাতো ভাই প্রহল্লাদ চন্দ্র রায় অভিযোগ করে বলেন, “প্রায় ১৫ বছর আগে মেঘনার সঙ্গে বিয়ে হয় নির্মলের। তাদের দুটি সন্তান রয়েছে।
“আড়াই বছর আগে পঞ্চগড়ের বাংলাবান্ধায় দ্বিতীয় বিয়ে করেন নির্মল। এরপর থেকে মেঘনার ওপর নানাভাবে নির্যাতন করছিল। এ ধারাবাহিকতায় মেঘনাকে হত্যা করে নির্মল।”
