Published : 16 Feb 2025, 01:50 PM
টঙ্গীর তুরাগতীরে মাওলানা সাদ অনুসারিদের অংশগ্রহণে হেদায়েতি বয়ানের পর আখেরি মোনাজাতে শেষ হল বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ ধাপ।
রোববার দুপুর ১২টা ৩৭মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়; চলে ৩০ মিনিট। আখেরি মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

বিশ্বের মুসলমানদের হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহকাল ও পরকালের নাজাত এবং দ্বীনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য দোয়া করা হয় মোনাজাতে। এ সময় মানুষের কান্নার সুর ও আমিন আমিন ধ্বনিতে প্রকম্পিত হয় তুরাগতীর ও ইজতেমা ময়দানের আশপাশ।। নানা বয়সী ও পেশার মানুষ মোনাজাতে অংশ নিয়ে আল্লাহর দরবারে তাদের মনের আকুতি জানান।
তাছাড়া সব ধরনের গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়।

সাদ অনুসারী তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমার সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, রোববার ফজরের নামাজের পর বয়ানের মাধ্যমে শুরু হয় এবারের বিশ্ব ইজতেমার শেষ দিনের আনুষ্ঠানিকতা। বাদ ফজর বয়ান করেন ভারতের মাওলানা মোরসালিন; তার বয়ানের বাংলা তরজমা করেন মুফতি আজিম উদ্দিন।

এরপর সকাল সাড়ে ৯টায় মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব হেদায়েতের বয়ান শুরু করেন। যার বাংলা তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। হেদায়েতের বয়ান শেষ হওয়ার পরই আখেরি মোনাজত শুরু হয় বলে জানান সায়েম।