১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

টইটম্বুর কাপ্তাই, কর্ণফুলী ‘সর্বোচ্চ’ বিদ্যুৎ উৎপাদনে

পানির সংকটে এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন দৈনিক মাত্র ২৫ থেকে ৩০ মেগাওয়াটে নেমে এসেছিল।

টইটম্বুর কাপ্তাই, কর্ণফুলী ‘সর্বোচ্চ’ বিদ্যুৎ উৎপাদনে

রাঙামাটির কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্র।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2023, 07:11 PM

Updated : 12 Aug 2023, 07:11 PM

টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পানির কারণে কাপ্তাই হ্রদ এখন টইটম্বুর; আর এ পরিস্থিতিকে কাজে লাগিয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র বছরের সর্বোচ্চ উৎপাদন করতে সক্ষম হয়েছে।  

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের বলেন, “এক মাস আগেও কাপ্তাই হ্রদে পানির সংকটে এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন দৈনিক মাত্র ২৫ থেকে ৩০ মেগাওয়াটে নেমে এসেছিল। পানি বৃদ্ধি পাওয়ায় উৎপাদনও বৃদ্ধি পেয়েছে।

“শনিবার এই উৎপাদন ছিল ২০১ মেগাওয়াট। এভাবে চলতে থাকলে সর্বোচ্চ সক্ষমতায়ও বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।”

এই পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা ২৩৫ মেগাওয়াট।

এদিকে বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, কাপ্তাই হ্রদে পানির পরিমাণ রুলকার্ভ অনুযায়ী ৯২ দশমিক ৭২ ফুট এমএসএল থাকার কথা থাকলেও শনিবার রুলকার্ভ অনুযায়ী ১০১ দশমিক ৪৬ ফুট এমএসএল রয়েছে।

১ ও ২ নম্বর ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিট থেকে ৩৪ মেগাওয়াট, ৪ নম্বর ইউনিট থেকে ৪০ এবং ৫ নম্বর ইউনিট থেকে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ৩, ৪ ও ৫ ইউনিট থেকে সর্বোচ্চ ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।

এর আগে, ২০২১ সালে কাপ্তাই হ্রদে পানির সর্বোচ্চ উচ্চতা ছিল ১০৬ দশমিক ৬৯ ফুট এমএসএল এবং ২০২২ সালে ছিল ৯৮ দশমিক ৬২ ফুট এমএসএল।