রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন
কর্তৃপক্ষ জানায়, কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৬৫৬ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট থেকে ৬৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিটে প্রথমবারের মতো সর্বোচ্চ ১ হাজার ৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এই বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
শনিবার রাতে বিদ্যুৎকেন্দ্রটির মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকদিন ধরেই দুটি ইউনিট ফুল লোডে চলছে। ফুল ক্যাপাসিটিতেই দুটি ইউনিট চালানো হচ্ছে।
“আজ দুপুর ৩টার পর থেকে উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এখনও এভাবেই চলছে।”
কর্তৃপক্ষ জানায়, কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৬৫৬ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট থেকে ৬৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
ভারত ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে ২০১০ সালে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
বিআইএফপিসিএল ও বিপিডিবির মধ্যে বিদ্যুৎ ক্রয় চুক্তি সই হয় ২০১৩ সালে। ওই বছরই জমি অধিগ্রহণ, ভরাট ও সড়ক নির্মাণকাজ শুরু হয়। ২০২২ সালের ২৩ ডিসেম্বর বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে।
