২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

খুলনায় ঘুষ নেওয়ার দায়ে এলজিইডির প্রকৌশলীর ৫ বছরের কারাদণ্ড

২০১৪ সালে ঠিকাদারি কাজের বিল দেওয়ার সময় এক লাখ টাকা ঘুষের টাকাসহ হাতেনাতে আটক হন তিনি।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2025, 05:31 PM

Updated : 10 Sep 2026, 12:36 PM

ঘুষ গ্রহণের দায়ে খুলনার কয়রার উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের সাবেক উপসহকারী প্রকৌশলী এস এম হাবিবুল্লাহকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

খুলনার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম মঙ্গলবার ওই রায় ঘোষণা করেন বলে দুদকের রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান।

আইনজীবী মজিবর বলেন, এ সময় আসামি এস এম হাবিবুল্লাহ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

সাজার পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দুদকের আইনজীবী মজিবর বলেন, ২০১৪ সালের ১৬ এপ্রিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঠিকাদারি কাজের বিল দেওয়ার সময় এক লাখ টাকা ঘুষের টাকাসহ হাতেনাতে আটক হন খুলনার কয়রার উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের সাবেক উপসহকারী প্রকৌশলী এস এম হাবিবুল্লাহ।

এ ঘটনায় দুদকের উপসহকারী পরিচালক আবুল হাসেম বাদী হয়ে কয়রা থানায় তার বিরুদ্ধে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক এস এম শামীম ইকবাল ২০১৫ সালের ৩১ অগাস্ট হাবিবুল্লাহর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

হাবিবুল্লাহ বাগেরহাটের চিতলমারীর বড়বাড়িয়া গ্রমের বোরহান উদ্দিনের ছেলে।