২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে জাল ভোট: আটক ব্যক্তির ছবি তোলায় সাংবাদিককে মারধর

কিল-ঘুষি ও উপর্যুপরি মারপিট করলে এক পর্যায়ে জ্ঞান হারান ওই সাংবাদিক।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2024, 08:13 PM

Updated : 01 Sep 2026, 09:06 PM

সিলেট সদর উপজেলায় জাল ভোট দেওয়ার অভিযোগে আটক ব্যক্তির ছবি তোলায় এক ফটো সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে।

বুধবার বিকাল সোয়া ৩টার দিকে ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সাংবাদিক মুশাহিদ আলী জানান।

আহত রেজা রুবেল স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল সিলেট প্রতিদিনের ফটো সাংবাদিক। এ ছাড়া তিনি বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাংস্কৃতিক এবং ক্রীড়া সম্পাদক।

অভিযোগ উঠেছে, কাপ-পিরিচ মার্কার চেয়ারম্যান প্রার্থী, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি সুজাত আলী রফিকের সমর্থকরা এ হামলা চালিয়েছেন।

তারা রুবেলকে কিল-ঘুষি ও উপর্যুপরি মারপিট করলে এক পর্যায়ে জ্ঞান হারান রুবেল।

আশপাশে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তবে অভিযোগ অস্বীকার করে সুজাত আলী রফিক বলেন, “আমার কোনো সমর্থক সেখানে ছিল না। এসব ভুয়া অভিযোগ।”

কেন্দ্রে থাকা অন্যান্য প্রার্থীর এজেন্টরা জানিয়েছেন- দুপুর আড়াইটার দিকে ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দিতে এসে আটক হন তানজিদ আহমদ (১৯)। তিনি স্থানীয় কান্দিগাঁও এলাকার জসীম উদ্দিনের ছেলে। তাকে প্রিজাইডিং অফিসারের কক্ষে আটক করে রাখা হয়। 

এ বিষয়ে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, “কেন্দ্রের ভেতরে জাল ভোট দিতে গেলে এক যুবককে আটক করেন দায়িত্বরত ম্যাজিস্ট্রেট।”  

ফটো সাংবাদিকের ওপর হামলার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, “বাইরে কারা হামলা করেছে সেটা আমার জানা নেই। কেন্দ্রের ভেতরে কোনো ঘটনা ঘটলে সেটার দায় আমি নেব।”

এদিকে, পেশাগত দায়িত্ব পালনকালে রেজা রুবেলের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নেতারা।

এক বিবৃতিতে অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে ফটো সাংবাদিক রেজা রুবেলের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কার জনক ও নিন্দনীয়। সিলেট সদর উপজেলায় নির্বাচন  চলাকালে জাল ভোট দেওয়ার সময় আটক যুবকের ছবি ধারণ করে তিনি তার পেশাগত দায়িত্ব পালন করেছেন। 

বিবৃতিতে আরও বলা হয়, একজন পেশাদার ফটো সাংবাদিকের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। 

অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, তা না হলে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে।