২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোক্তারপাড়া হরিজন পল্লির প্রথম এসএসসি পরীক্ষার্থী বেবী

বেবী দুর্গাপুর পৌরশহরের জহুরা জালাল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছেন।

মোক্তারপাড়া হরিজন পল্লির প্রথম এসএসসি পরীক্ষার্থী বেবী

বেবী বাসফোর

লাভলু পাল চৌধুরী

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2022, 06:44 PM

Updated : 15 Sep 2022, 07:07 PM

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার মোক্তারপাড়া হরিজন পল্লি থেকে প্রথম এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন বেবী বাসফোর।

এতে তার পরিবারের সদস্যরা ছাড়াও সম্প্রদায়ের লোকজনসহ নানা শ্রেণিপেশার মানুষ উচ্ছ্বসিত।  

বাংলা প্রথমপত্র দিয়ে বৃহস্পতিবার সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। বেবী দুর্গাপুর পৌরশহরের জহুরা জালাল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মানবিক শাখায় এসএসসি পরীক্ষা দিচ্ছেন।

পিতৃহারা বেবী বাসফোর এই পল্লির নির্মল বাসফোর ও মালা বাসফোর দম্পতির চতুর্থ সন্তান। তিন বোন এক ভাইয়ের মধ্যে বেবী সবার ছোট। তার মা দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী।

বেবীর মা মালা বাসফোর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেবীর বাবা মারা যাওয়ার পর তিনি সন্তানদের অনেক কষ্টে লেখাপড়া করাচ্ছেন। অনেক দিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। ছোট থেকেই  মেয়ে লেখাপড়ার প্রতি উৎসাহী ছিল।

“আজ  মেয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে; এতে আমরা সবাই খুব খুশি। মেয়ে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য সবার কাছে দোয়া চাই।”

বেবী বাসফোর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পড়ালেখার বিষয়ে আমি সব সময় আমার পরিবার থেকে সার্পোট পেয়েছি। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষকরা আমাকে সব সময় সবকিছু ভালোভাবে বুঝিয়েছেন। এসএসসি পরীক্ষা দিতে পেরে আমি খুবই আনন্দিত।” 

পড়ালেখা শেষ করে প্রশাসনের কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখা বেবী তার সম্পদ্রায়ের ছেলেমেয়েরা পড়াশুনা করে উচ্চশিক্ষিত হবে বলে প্রত্যাশা করেন।  

হরিজন পল্লির বাসিন্দা চাঁন বাসফোর বলেছেন, পল্লিতে অন্তত ৬০টি পরিবার রয়েছে। বেবী আমাদের অহংকার। তাকে দেখে আমাদের পল্লির অন্য মেয়েরাও লেখাপড়ার প্রতি আগ্রহী হয়ে উঠবে।”

তিনি বেবীর উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

জহুরা জালাল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানারা বেগম বলেন, “বেবী খুবই ভাল মেয়ে। শান্ত ধরনের। লেখাপড়ায় খুবই আগ্রহী। নিয়মিত স্কুলে আসত। পিছিয়ে পড়া জনজাতি থেকে উঠে আসতে মেয়েটিকে অনেক সংগ্রাম করতে হয়েছে।” 

বেবী প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ ২.৫০ এবং জেএসসিতে জিপিএ ২.১৪ পেয়েছিলেন।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিপ্লব মজুমদার বলেন, হরিজন সম্প্রদায়ের ছেলেমেয়েরা শিক্ষাক্ষেত্রে অনেকটা পিছিয়ে। দুর্গাপুর উপজেলায় হরিজন সম্প্রদায়ের মধ্যে প্রথম বেবী বাসফোর এসএসসি পরীক্ষা দিচ্ছে। 

“আমরা খুবই আনন্দিত। তার এই উৎসাহ দেখে হরিজন সম্প্রদায়ের ছেলেমেয়েদের মধ্যে লেখাপড়ার প্রতি উৎসাহ জাগবে।”

নেত্রকোণা জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গফুর জানান, জেলায় এবার ২১ হাজার ৯১১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসেছে। এর মধ্যে ১১ হাজার ২৩৬ জন ছাত্র ও ১০ হাজার ৬৭৫ জন ছাত্রী।