২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শিক্ষিত যুবকরাও মাছ ধরতে নদীতে নামতে পারেন: উপদেষ্টা ফরিদা

সোমবার দুপুরে ভোলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ‘দক্ষিণ চরগোয়ালিয়া আদর্শ মৎস‌্যজীবী গ্রাম সংগঠন’র সদস‌্যদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষিত যুবকরাও মাছ ধরতে নদীতে নামতে পারেন: উপদেষ্টা ফরিদা
ভোলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ‘দক্ষিণ চরগোয়ালিয়া আদর্শ মৎস‌্যজীবী গ্রাম সংগঠন’র সদস‌্যদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের মৎস‌্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2025, 08:25 PM

Updated : 26 Aug 2026, 11:53 AM

দেশের শিক্ষিত যুবকদেরও নদীতে নেমে মাছ ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মৎস‌্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। 

তিনি বলেছেন, “শিক্ষিত যুবকরাও মাছ ধরার কাজে নদীতে যেতে পারেন। এতে অত্যাধুনিক ডিজিটাল ডিভাইসের সঠিক ব্যবহার হবে এবং গভীর সমুদ্রে জেলেরা সঠিক দিকনির্দেশনা প্রাপ্তির মাধ্যমে নিরাপদে মাছ ধরতে পারবে।” 

সোমবার দুপুরে ভোলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ‘দক্ষিণ চরগোয়ালিয়া আদর্শ মৎস‌্যজীবী গ্রাম সংগঠন’র সদস‌্যদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “জেলেদের নিবন্ধনের তালিকায় অনেক অমৎস‌্যজীবীও আছেন। ত‌াই তালিকা হালনাগাদ করা হচ্ছে। প্রকৃত জেলেরাই তালিকায় স্থান ও সরকারি সুযোগ-সুবিধা পাবেন।” 

তিনি বলেন, “নিষেধাজ্ঞার সময়ে জেলেদের নামে বরাদ্দের চাল এবছর আরো বেশি দেওয়ার চিন্তা করা হচ্ছে। যেমন ২৫ কেজির জায়গায় ৪০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হতে পারে।” 

তিনি আরও বলেন, “এখন থেকে নিষেধাজ্ঞার সময়ে জেলেদের নামে বরাদ্দকৃত চ‌াল শুরুতেই দেওয়া হবে।  

‘দক্ষিণ চরগোয়ালিয়া আদর্শ মৎস‌্যজীবী গ্রাম সংগঠন’র সদস‌্যদের শিক্ষিত সন্তানদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ মৎস‌্য উন্নয়ন করপোরেশনের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান, মনপুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা লিখন বণিক, মনপুরা থানার ওসি মো. আহসান কবীর।

উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় আরও ছিলেন, বরিশাল মৎস‌্য অধিদপ্তরের উপ পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল হোসেন সহ মৎস্য ব্যবসায়ী, জেলে ও বিভিন্ন পেশাজীবি নারী-পুরুষ ছিলেন। 

পরে উপজেলার নতুন তালিকাভুক্ত জেলেদের মাঝে লাইফ বয়া, জ্যাকেট, টর্চলাইটসহ বিভিন্ন জেলে উপকরণ বিতরণ করা হয়। 

এর আগে রোববার এক সরকারি সফরে মৎস‌্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ঢাকা থেকে লঞ্চযোগে মনপুরায় আসেন। 

তিনি উপজেলার কলাতলি ইউনিয়নের ঢালচরে জেলেদের সঙ্গে একটি মতবিনিময় সভায় যোগ দেন।