আগামী সংসদ নির্বাচন ‘একটি যুদ্ধ’: শিল্পমন্ত্রী
“এ দেশকে বাঁচাতে হবে, যারা বিভিন্ন অজুহাত তুলে নির্বাচনকে বানচাল করতে চায় তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে।“
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ১৯৭১ সালের মতো ‘একটি যুদ্ধ’ হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
তিনি বলেন, “৭১ এ যেমন আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, তেমনি আরেকটি যুদ্ধ আগামী নির্বাচন। মুক্তিযুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল তাদের চরমাঘাতের জন্যই আগামী নির্বাচন।”
শনিবার বিকালে নরসিংদীর শিবপুরের সৈয়দনগরে সম্প্রসারিত বিসিক শিল্পনগরীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ৩০ একর জমিতে ৮৮ কোটি টাকা ব্যয়ে নরসিংদী বিসিক শিল্পনগরীর সম্প্রসারণ করেছে।
শিল্পমন্ত্রী বলেন, “আজকে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে সেটা সকলকে খেয়াল রাখতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী আজকে সারাবিশ্বে বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গেছেন, সেখান থেকে পিছিয়ে যাওয়ার কোন পথ নেই।
“বাংলাদেশ আওয়ামী লীগ দলের সরকার, সরকারের দল নয়, তাই তৃণমূলের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ দেশকে বাঁচাতে হবে, যারা বিভিন্ন অজুহাত তুলে নির্বাচনকে বানচাল করতে চায় তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে।“
নরসিংদীর জেলা প্রশাসক বদিউল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, নরসিংদী -৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য জহিরুল হক ভুঁইয়া মোহন, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
