১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাওরের সেই দৃষ্টিনন্দন সড়কে বৈশাখের আলপনা

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আলপনা অংকন শেষে গিনেস বুক ওয়ার্ল্ডে রেকর্ডের জন্য আবেদন করা হবে।

হাওরের সেই দৃষ্টিনন্দন সড়কে বৈশাখের আলপনা

কিশোরগঞ্জের মিঠামইনের ‘অল ওয়েদার সড়কে’ আলপনা অংকনের উদ্বোধন করা হয়।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2024, 01:09 AM

Updated : 13 Apr 2024, 01:09 AM

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হাওরের মধ্য দিয়ে নির্মিত দৃষ্টিনন্দন সড়কটিতে বৈশাখের আলপনা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকালে মিঠামইন জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কে ‘আলপনায় বৈশাখ-১৪৩১’ এর উৎসবের উদ্বোধন করা হয়।  

‘অল ওয়েদার সড়ক’ নামে পরিচিত এই পথে আলপনা অংকনের উদ্যোগ নিয়েছে এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল মার্কেটিং লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যান অভিনেতা আসাদুজ্জামান নূর, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, বরেণ্য শিল্পী মো. মনিরুজ্জামান, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ও ডিরেক্টর মো. মহসিন হাবিব চৌধুরী এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের চিফ হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ।

আয়োজকরা জানান, রোববার পহেলা বৈশাখে আলপনা অংকনের উৎসবের সমাপনী অধিবেশনে উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এশিয়াটিক মার্কেটিং লিমিটেডের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ইরেশ যাকের ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আলপনা অংকন শেষ করে গিনেস বুক ওয়ার্ল্ডে রেকর্ডের জন্য আবেদন করা হবে।