২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে কমিউটার ট্রেন চালু ও আন্তঃনগরের যাত্রাবিরতির দাবি

কিছুদিন আগে স্টেশনে সাজানো টাইমটেবিলে ‘নরসিংদী কমিউটার’ নাম উল্লেখ করা হলেও বাস্তবে ট্রেনটি চালু হয়নি।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2024, 09:44 PM

Updated : 26 Aug 2026, 10:47 AM

নরসিংদী-ঢাকা রেলপথে কমিউটার ট্রেন চালুসহ নরসিংদী স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও নিয়মিত যাত্রীরা। 

শুক্রবার বিকালে ‘নরসিংদী রেলওয়ে প্যাসেঞ্জার কমিউনিটি ফেইসবুক গ্রুপ’ আয়োজিত মানববন্ধনে কয়েকশত যাত্রী ও এলাকাবাসী ছিলেন। 

নরসিংদী রেলওয়ে স্টেশন প্লাটফর্মে মিছিল শেষে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, শিল্পোন্নত নরসিংদী জেলার সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসা, চাকরি, শিক্ষা, চিকিৎসা, বিদেশে গমনসহ কর্মসূত্রে প্রতিদিন হাজারো মানুষকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করতে হয়। 

তারা বলেন, নরসিংদীতে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকাসহ রেলওয়ে কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী নরসিংদী কমিউটার ট্রেন চালু না হওয়ায় যাত্রী দুর্ভোগ বেড়েই চলছে। 

তাদের ভাষ্য, এক সাবেক মন্ত্রী এসে নরসিংদীর জন্য আলাদা ট্রেন দেওয়ার ঘোষণা দিলেও তা বাস্তবায়ন হয়নি।  

এমনকি কিছুদিন আগে স্টেশনে সাজানো টাইমটেবিলে ‘নরসিংদী কমিউটার’ নাম উল্লেখ করা হলেও বাস্তবে ট্রেনটি চালু হয়নি। 

অবিলম্বে কমিউটার ট্রেনটি চালু ও সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানান বক্তারা।

এ ব্যাপারে নরসিংদী রেল স্টেশনের মাস্টার এটিএম মূসার সঙ্গে মোবাইল ফোনে যোগোযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।