২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেলমেট-মাস্ক পরে কেন ‘আওয়ামী লীগের মিছিলে’ জামায়াতকর্মী ও বৈষম্যবিরোধী নেতা

দেবহাটা উপজেলা কমিটির আহ্বায়কের পদ থেকে মুজাহিদ বিন ফিরোজকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

হেলমেট-মাস্ক পরে কেন ‘আওয়ামী লীগের মিছিলে’ জামায়াতকর্মী ও বৈষম্যবিরোধী নেতা
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুজাহিদ বিন ফিরোজ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2025, 12:38 AM

Updated : 26 Aug 2026, 01:26 PM

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় রাতের আঁধারে হেলমেট ও মাস্ক পরে একটি মিছিলের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। 

সে মিছিল থেকে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়। স্লোগানের ভাষাও অনেকটা উসকানিমূলক। মনে হবে, আওয়ামী লীগের মিছিল; ক্ষমতাচ্যুত এ দলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা রয়েছে।

১৬ জুলাই গভীর রাতে দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের চিনেডাঙ্গা এলাকায় এই মিছিলটি হয়। রাতেই ভিডিওটি ফেইসবুকে পোস্ট করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা উপজেলা আহ্বায়ক মুজাহিদ বিন ফিরোজ। সঙ্গে তিনি আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে হুমকিও দেন।  

পরে স্থানীয় লোকজন ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা খেয়াল করেন, হেলমেট ও মাস্ক পরে খোদ মুজাহিদ বিন ফিরোজই মিছিলে উপস্থিত রয়েছেন। তার সঙ্গে একই মিছিলে রয়েছেন জামায়াতে ইসলামীর কর্মী সোলায়মান হোসেন।

মুজাহিদ বিন ফিরোজ রাতে যে ভিডিওটি পোস্ট করেছিলেন, সেটি ছিল কিছুটা অস্পষ্ট, তবে তাতে স্লোগানগুলো বোঝা যাচ্ছিল। পরে একই মিছিলের আরেকটা স্পষ্ট ভিডিও সামনে চলে আসে। সেখানে মুজাহিদ ও সোলায়মানের উপস্থিতি স্পষ্ট হয়। 

এ ঘটনায় বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখা সংগঠনের উপজেলা কমিটির আহ্বায়কের পদ থেকে মুজাহিদ বিন ফিরোজকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে।

অপরদিকে সোলায়মানের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মো. আরাফাত হোসাইন বলেন, “দায়িত্বশীল পদে থেকেও তিনি (মুজাহিদ) একাধিকবার বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছেন। আগেও তাকে সতর্ক করা হয়েছিল। কিন্তু কোনো পরিবর্তন না আসায় সংগঠনের স্বার্থে বহিষ্কারের সিদ্ধান্ত নিতে হয়েছে।”

দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. অলিউল ইসলাম বলেন, “ওই মিছিলে থাকা অন্যরা জামায়াতকর্মী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সোলায়মান জামায়াতের রোকন। দলীয় নিয়ম-নীতি অনুযায়ী বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি এবং যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা জামায়াতের এক নেতা জানিয়েছেন, এরই মধ্যে এ ব্যাপারে জেলা কমিটির কাছে চিঠি দেওয়া হয়েছে।

২২ বছর বয়সী মুজাহিদের বিরুদ্ধে এর আগেও নানা অভিযোগ ছিল।

এ ব্যাপারে জানতে বৃহস্পতিবার মুজাহিদ বিন ফিরোজ ও সোলায়মান হোসেনের মোবাইল ফোনে কল করা হলে বন্ধ পাওয়া যায়।