সাজেকে চাঁদের গাড়ি খাদে পড়ে পর্যটকের মৃত্যু
সাজেক ভ্রমণ শেষে সকালে চাঁদের গাড়িতে করে খাগড়াছড়ি ফিরছিলেন পর্যটকরা।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেক থেকে ফেরার পথে চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচ পর্যটক।
বুধবার সকালে সাজেক ইউনিয়নের হাউস পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান সাজেক থানার ওসি নুরুল হক।
নিহত পর্যটকের নাম মো. সাগর আহম্মদ (৩২)। তিনিসহ দুর্ঘটনায় হতাহত পর্যটকরা ঢাকা থেকে এসেছেন বলে জানা গেছে।
স্থানীয়দের বরাতে ওসি জানান, সাজেক ভ্রমণ শেষে সকালে চাঁদের গাড়িতে করে খাগড়াছড়ি ফিরছিলেন পর্যটকরা। পথে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এসময় গাড়ির ছাদে থাকা পর্যটক সাগর ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান।
দুর্ঘটনায় কবলিত সবাইকে উদ্ধার করে খাগড়াছড়ির সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
