কুড়িগ্রামে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
“একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।”
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের খামার বেলদহ গ্রামে এ ঘটনা ঘটে বলে ভুরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান।
নিহতরা হলো- গ্রামের আব্দুল হামিদ বাবুর ছেলে জাবির (২) এবং তার ভাই আনোয়ার হোসেন ভুট্টুর ছেলে আদিব (২)। দুই শিশু আপন চাচাত ভাই।
পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আবু হোসেন বলেন, “আমার প্রতিবেশী দুই ভাতিজা সকাল সাড়ে ৯টার দিকে খেলার সময় বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায়। একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।”
ওসি রুহুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।
