২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুরির অপবাদে গাছে উল্টো করে ঝুলিয়ে নির্যাতন, ভিডিও ভাইরাল

কুমিল্লার বরুড়া থানার ওসি বলেন, “নির্যাতনের ভিডিওটি ভাইরাল হওয়ার পর ইউপি সদস্যকে আটক করা হয়েছে।”

চুরির অপবাদে গাছে উল্টো করে ঝুলিয়ে নির্যাতন, ভিডিও ভাইরাল

কুমিল্লার বরুড়া উপজেলায় চুরির অপবাদ দিয়ে এক যুবককে গাছে উল্টো করে বেঁধে পেটানো হয়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2023, 12:44 AM

Updated : 27 Aug 2023, 12:44 AM

কুমিল্লার বরুড়া উপজেলায় চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে ডেকে এনে এক যুবককে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে উল্টো করে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সন্দেহভাজন স্থানীয় এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার ভাউকসার ইউনিয়নের চৌত্তাপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন।

নির্যাতনের শিকার আবদুল হান্নান (২৮) চৌত্তাপুকুরিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

অপরদিকে আটক ইউপি সদস্য জহিরুল ইসলাম ভাউকসার ইউনিয়ন পরিষদের সদস্য।

এ ঘটনায় ভাইরাল হওয়া ৫৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, চৌত্তাপুকুরিয়া মার্কেটের সামনে ঘর-লাগোয়া গাছের সঙ্গে এক যুবককে রশি দিয়ে উল্টো করে বাঁধা হয়েছে। তার মাথাটি রয়েছে ঘরের বারান্দার মাটি স্পর্শ করে।

তার পাশে নীল শার্ট ও জিন্স প্যান্ট পরিহিত এক ব্যক্তি লাঠি হাতে বারবার তাকে পেটাচ্ছেন। রশি ধরে রেখেছেন আরেক যুবক। নির্যাতিত যুবকের পরনে লুঙ্গি ছিল। তিনি বাঁচার আকুতি করছিলেন। এ সময় সেখানে অনেক উৎসুক মানুষের জটলা ছিল।

এ ঘটনার পর পুলিশের হাতে আটক হওয়ার আগে ইউপি সদস্য জহিরুল ইসলাম ফেইসবুক একটি পোস্ট করেন।

সেখানে তিনি লিখেন, “এলাকায় এমন কোন বাড়ি নাই যে বাড়িতে এদের হাত লাগে নাই। আটোরিকশা, গরু, দোকান-ঘর, মোবাইলসহ অনেক কিছুই চুরির সাথে এরা সংশ্লিষ্ট। তাকে অনেকবার আইনের হাতে তুলে দেওয়া হয়েছে। কিন্তু জামিনে বের হয়ে আবার চুরি শুরু করে।”

স্থানীয় দোকানদার নুরু মিয়া সাংবাদিকদের বলেন, “সকালে আমার দোকান খুলে দেখতে পেলাম সৌর বিদ্যুতের ব্যাটারি নেই। দোকান থেকে ব্যাটারি চুরি হয়ে গেছে। এ বিষয়ে আলোচনা শুরু হলে স্থানীয় চোর হান্নানকে সন্দেহ হয়। পরে মেম্বার তাকে ডেকে এনে মারধর করেছেন।”

এ বিষয়ে ভাউকসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জামাল মাসুদ বলেন, “আমি ঘটনাটি শুনেছি এবং ফেইসবুকে ভিডিওটি দেখেছি। আসলে তাকে এভাবে না বেঁধে পুলিশে হস্তান্তর করা দরকার ছিল।”

বরুড়া থানার ওসি ফিরোজ হোসেন বলেন, “নির্যাতনের ভিডিওটি ভাইরাল হওয়ার পর ইউপি সদস্যকে আটক করা হয়েছে। নির্যাতিত আবদুল হান্নানের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা আফরিন মুস্তাফা বলেন, “নির্যাতনের ব্যাপারে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। আর নির্বাচিত একজন জনপ্রতিনিধির এমন কর্মকাণ্ডের বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”