মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ
গুলিবিদ্ধ এক কলেজছাত্রকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।
রোববার দুপুরে মোল্লাকান্দি ইউনিয়নের মধ্যমাকহাটি এলাকায় এ ঘটনা ঘটে বলে মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান।
গুলিবিদ্ধ মধ্যমাকহাটি গ্রামের কলেজছাত্র কাউসার আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর গুলিবিদ্ধ আয়নাল হকসহ অন্য আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ইউপি চেয়ারম্যান মহসিনা হক কল্পনা ও বর্তমান ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
“দুপক্ষই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। দুপুরে দুপক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে মধ্যমাকহাটির কয়েক বাড়িতে গুলি করে প্রতিপক্ষের লোকজন।
“খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার কিংবা কোনো অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি।”
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
