নড়াইলে সংঘর্ষে গুলিবিদ্ধ একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার সকালে নড়াগাতির কলাবাড়িয়া (কান্দিরপাড়া) গ্রামে সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ হন।
নড়াইলের নড়াগাতিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার রাতে তিনি মারা যান বলে জানিয়েছেন নড়াগাতী থানার ওসি হোসেন আলী।
নিহত হাসান শেখ কালিয়া উপজেলার কলাবাড়িয়া (কান্দিরপাড়া) গ্রামের তারা মিয়ার ছেলে। তিনি পেশায় ভ্যান চালক ছিলেন।
এর আগে বুধবার সকালে কলাবাড়িয়া (কান্দিরপাড়া) গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কলাবাড়িয়া (কান্দিপাড়া) গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোহেল মেম্বার ও আবেদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে বুধবার সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
এ সময় গুলি ও হামলায় উভয় পক্ষের ১০ জন আহত হন। তাদের মধ্যে পাঁচজনের শরীরের বিভিন্ন স্থানে সটগানের গুলিতে আহত হয়। তারা হলেন কলাবাড়িয়া গ্রামের ইসরাফিল শিকদার (৫০), রাসেল শেখ (৩০), মতিউর রহমান (৪৫), মুক্তি শেখ (৪০) ও হাসান শেখ (৫০)।
তদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথিমিক চিকিৎিসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওসি হোসেন আলী বলেন, নিহত হাসান শেখ আবেদের পক্ষের সমর্থক। সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় এখন পর্যন্তু কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। তবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
